নির্বাচন নিয়ে অভিযোগ থাকলে কমিশনে যেতে পারেন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে তাঁরা তথ্যপ্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে যেতে পারেন। এর আগের নির্বাচনগুলোতে কারচুপির কোনো অভিযোগ মিডিয়ায় আসেনি। আমাদের মিডিয়া এখন বলিষ্ঠ ভূমিকা পালন করছে।’আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জিমনেসিয়ামে আয়োজিত তিন দিনের ঈদ ই-বাণিজ্য মেলা এবং ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময়ে তিনি ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের জন্য আলাদা ওয়েজবোর্ড গড়ার প্রক্রিয়ার কথাও জানান।এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির বাংলাদেশ বানাব। তথ্যপ্রযুক্তির বাংলাদেশ হলে এ দেশের ছেলেমেয়েরা বিশ্বের বুকে নতুন নতুন চাকরি পাবে। দেশকে উন্নত করবে। এ লক্ষ্যে নীতিমালা তৈরি করা হয়েছে। সরকার ২৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব তৈরির উদ্যোগ নিয়েছে। দুই বছরের মধ্যে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কম্পিউটার শেখার আওতায় আনা হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো, আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, এস আলম গ্রুপের বিপণন কর্মকর্তা কামরুল ইসলাম।‘ঘরে বসে কেনাকাটার উত্সব’—স্লোগানে গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। এর আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসন।মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, এ সরকার অনেকগুলো উন্নয়ন কাজের মধ্যে দুটি বিপ্লবাত্মক কাজ করেছে। এর একটি হলো কম্পিউটারের সঙ্গে পরিচয় ঘটানো। অপরটি হলো ৪০ বছর পরে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করা। এ দুটি কাজের জন্য সরকার চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা এখন চারটি যুদ্ধের মধ্যে রয়েছি—দারিদ্র্য উচ্ছেদ, পরিবেশের বিপর্যয় থেকে বাংলাদেশকে বাঁচানোর যুদ্ধ, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ থেকে দেশকে বাঁচানোর যুদ্ধ এবং বৈষম্যহীন সমাজ গড়ার যুদ্ধ। এসব যুদ্ধে জয়ী হতে হলে সবাইকে একসঙ্গে পাশাপাশি থেকে লড়তে হবে।’বিরোধীদলীয় নেতার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এ দেশের মানুষ যুদ্ধাপরাধীদের কঠিন সাজা চায়। অথচ খালেদা জিয়া এবং জামায়াতে ইসলাম এদের পক্ষ নিয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।