নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে
পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এ সুযোগ আর আসবে না। হেলায় সুযোগ হারাবেন না। পরিবর্তন আনতে হবে।’আজ শনিবার রাজধানীর বংশাল থানা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এরশাদ এ আহ্বান জানান। সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই জনসভার আয়োজন করা হয়। মূলত এটি ছিল আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির প্রথম জনসভা।এরশাদ বলেন, ‘বিদ্যুত্ নাই, পানি নাই, গ্যাস নাই। আগামী নির্বাচন হবে কি না, গণতন্ত্র থাকবে কি না, এসব নিয়ে মানুষের মাঝে সংশয় আছে। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। লাঙলই পারে, সে পরিবর্তন আনতে।’এরশাদ বলেন, তিনি যেখানেই যান, সেখানেই মানুষ বলে এই দুই দল চায় না। পরিবর্তন চায়। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টির বিজয়যাত্রা শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি তাঁর দল মনোনীত ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র পদপ্রার্থী কাজী ফিরোজ রশীদের জন্য ভোট চান। সেই সঙ্গে চারজন ওয়ার্ড কমিশনার পদ প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রয়োজনে রাজধানীর ঘরে ঘরে যাওয়ারও ঘোষণা দেন এরশাদ।বংশাল থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো. ফারুকের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।