নির্বাচন নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আগামী নির্বাচন হবে কি না। নির্বাচন নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।’আজ বুধবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভোটের আয়োজন করা হয়। এ নির্বাচন পর্যবেক্ষণে এইচ এম এরশাদসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে যান। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন।এরশাদ অভিযোগ করেন, ‘এখানে কোনো কিছু ঠিকমতো চলছে না। বিশ্ববিদ্যালয়গুলো ঠিকমতো চলছে না। ছুরি-চাপাতি ও অস্ত্রের খেলা চলছে।’ তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। এভাবে নির্বাচনও হতে পারে না। এরশাদ বলেন, ‘আমি এখনো প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থায় বিশ্বাস করি। কেননা এ শাসনব্যবস্থায়ই আমার আমলে বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে।’