নির্বাচন নিয়ে রাজনৈতিক কলহের সুযোগ নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক কলহ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কলহ করে দেশকে পিছিয়ে দেওয়ার অবকাশও নেই। কারণ নির্বাচন কমিশন (ইসি) শক্তিশালী হচ্ছে।বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ শীর্ষক মতবিনিময় সভা শেষে আজ সোমবার সাংবাদিকদের সিইসি এ কথা বলেন। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।সিইসি বলেন, ‘দশম সংসদ নির্বাচন যথাসময়ে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেশে আর সামরিক শাসন বা জরুরি অবস্থা জারিরও কোনো সুযোগ নেই। সে সময়টা আমরা পার করে এসেছি।’এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কীভাবে হবে, তা নির্ধারণে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। কমিশনের প্রস্তাবগুলোও স্পর্শকাতর। এ জন্য ক্ষমতাসীন দল তাদের সুপারিশ চূড়ান্ত করতে সময় নিচ্ছে। এখনো দুই আড়াই বছর সময় আছে। এর মধ্যে দলগুলোকে একটা সমাধান হবে। আশা করা যায়, সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।সেমিনারে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।