নির্বাচন নিয়ে রিট আজ শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর কয়েকটি ধারা বাস্তবায়ন করে ওই নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হয়। আজ সোমবার দুপুর পৌনে একটায় আবার শুনানি হওয়ারও কথা রয়েছে। এ সময় পর্যন্ত নির্বাচনী কার্যক্রম বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে না বলে আদালতকে আশ্বস্ত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন ছাড়া নির্বাচন না করতে ১২ এপ্রিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী নির্বাচন কমিশনের প্রতি আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ করে তা জানাতেও বলা হয়। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলা হয়। এর ধারাবাহিকতায় গতকাল আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন। বিকেলে এ আবেদনের ওপর শুনানি হয়। ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা।রিটকারীপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, রিট আবেদনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এ ৩, ৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ ধারার বাস্তবায়ন না করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসব ধারা অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। রুল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার আরজিও জানানো হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। আইনের ৩ ধারায় সিটি করপোরেশন প্রতিষ্ঠা, ধারা ৫-এ সিটি করপোরেশন গঠন, ২৭ ধারায় করপোরেশনকে ওয়ার্ডে বিভক্তকরণ. ২৮ ধারায় সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ, ২৯ ধারায় ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ৩০ ধারায় সংরক্ষিত আসনের ওয়ার্ডের সীমানা নির্ধারণের বিষয়ে বলা আছে। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, সিটি করপোরেশন আইনের ৩ (ক) ধারা অনুসারে করপোরেশনের আওতাধীন এলাকাসমূহের বিবরণ থাকবে। এটা সংশোধন করে গত বছরের ১ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন করা হয়। তবে ২০০৯ সালের আইনের অন্য সব বিধানগুলো বহাল রয়েছে। আইনের ৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ ধারা অনুসারে নতুন সিটি করপোরেশন হলে সীমানা নির্ধারণ, কাউন্সিলর সংখ্যা, ওয়ার্ড বিভক্তিকরণ ও সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগের বিষয়ে বলা আছে। কাউন্সিলরের সংখ্যা ও সীমানা নির্ধারণসহ এসব বিধিবিধান অনুসরণ করা হয়নি। এ বিষয়ে গেজেট প্রকাশের বিধান থাকলেও তা করা হয়নি। আইনের ওই বিধানগুলো কার্যকর না করে নির্বাচন হতে পারে না। এটা আইনের শাসনের ব্যত্যয় ও লঙ্ঘন। আদালত বলেন, ‘আপনি বলতে চাইছেন এসব ধারা অনুসরণ করা হয়নি।’ মনজিল মোরসেদ বলেন, একটি ওয়ার্ড নিয়ে গেজেট প্রকাশ করে বলা হয়েছে, ওয়ার্ড ২৪ হবে ওয়ার্ড নম্বর ১। তিনি রুল জারির আরজি জানান। এ পর্যায়ে আদালত নির্বাচন কমিশনের কৌঁসুলি শাহ্দীন মালিকের কাছে এ বিষয়ে জানতে চান। শাহ্দীন মালিক বলেন, মাত্র রিটের কপি পেয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ও প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। এ পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, সিটি করপোরেশন আইন অনুসারে নির্বাচনের আগে সরকার ওয়ার্ড পুনর্বিন্যাস, সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করবেন। এটা বাস্তবায়ন করেই নির্বাচন হওয়ার কথা। এ সময় মনজিল মোরসেদ বলেন, নির্বাচনের কার্যক্রম চলছে। শুনানি মুলতবি করা হলে এর আগ পর্যন্ত নির্বাচনের পরবর্তী পদক্ষেপ না নেওয়ার আরজি জানান তিনি। আদালত রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে এ বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে বলেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান অঙ্গীকার ব্যক্ত করে এ বিষয়ে আদালতকে আশ্বস্ত করেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আদালত আজ দুপুর পৌনে একটায় শুনানির সময় নির্ধারণ করেছেন। শুনানির আগে নির্বাচনী পরবর্তী কার্যক্রম যাতে না চালানো হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এটা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে। এ সময় পর্যন্ত নির্বাচনী কার্যক্রমে স্থিতাবস্থা থাকবে। ওই নোটিশে বলা হয়, আইনটির ধারা ২৭ অনুসারে নতুন কোনো সিটি করপোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তাকে সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে ও করপোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবে। ওই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। ধারা ২৮ অনুসারে সরকারি কর্মকর্তাদের থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নির্ধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। সুতরাং ওয়ার্ডের বিভাগ ও সংখ্যা নির্ধারণ, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই।