নির্বাচন-পূর্ব সহিংসতায় করাচিতে নিহত ২৭, আহত ৬০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বৃহৎ শহর করাচিতে গতকাল রাতে নির্বাচন-পূর্ব সহিংসতায় কমপক্ষে ২৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রাতের এই সহিংসতা সত্ত্বেও কড়া নিরাপত্তা-ব্যবস্থার মধ্য দিয়ে আজ করাচিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত আগস্টে এই প্রদেশের মুত্তাহিদা কাওমি মুভমেন্ট (এমকিউএম) দলের নির্বাচিত আইনপ্রণেতা আততায়ীর গুলিতে নিহত হন। ফলে আসনটি শূন্য ঘোষিত হয়। এই আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতের এই সহিংসতার ঘটনার পর উপনির্বাচন উপলক্ষে আজ করাচির বিভিন্ন ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেছে করাচির পুলিশ। এমকিউএম করাচির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। গত আগস্টে এই প্রদেশ থেকে দলটির নির্বাচিত নেতা নিহত হওয়ার পর করাচিজুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক নিহত হয়। এমকিউএমের প্রধান প্রতিপক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টি সম্ভাব্য কারচুপির অভিযোগ এনে এই উপনির্বাচন বয়কট করেছে। তারা সরকারের বিরুদ্ধে নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করতে না পারারও অভিযোগ এনেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই উপনির্বাচনকে কেন্দ্র করে করাচিতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।—রয়টার্স, নিউজ ডেইলি,আইএএনএস ।