নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির
আজ মধ্যরাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এ ঘোষণা দেন। এরপর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগেই তা স্পষ্ট হয়ে গেছে। ইভিএম পদ্ধতিতে ভোটিং ব্যবস্থা চালু করে নির্বাচন কমিশন গর্হিত অপরাধ করেছে। আমরা এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি। বর্তমান সরকার ও ইসির পদত্যাগ দাবি করছি।’ আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলাম। সরকার সেনাবাহিনী মোতায়েন না করে সংবিধান ও আইন লঙ্ঘন করেছে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনও সংবিধান লঙ্ঘনকারী সরকারকে সেনা মোতায়েনে বাধ্য করতে পারল না। এক্ষেত্রে নির্বাচন কমিশনার পদত্যাগ না করে বরং ঘোষণা দিয়েছে গোলযোগ হলে তারা দায় নেবে না। নোমান বলেন, নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানকে সমর্থন দিয়ে আওয়ামী লীগ সমর্থন দেওয়াতে এটা স্পষ্ট হয়ে গেছে, তারা সন্ত্রাসের উপর নির্ভর করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কবজায় রাখতে চায়। তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রাখতে পারেনি। নোমান বলেন, ভোটারদের বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই। নির্বাচন প্রহসনের হতে পারে। তিনি সরকার ও ইসির পদত্যাগও দাবি করেন। এদিকে এই প্রেস ব্রিফিংয়ের পর আজ শনিবার রাত দেড়টার দিকে বিএনপির সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দেন। তৈমুর বলেন, কী হয়েছে আপনারা সবাই দেখেছেন। বর্তমান সরকার সবদিক থেকে ব্যর্থ। তাই আমার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছিল। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় নির্ধারিত ছিল। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হবে এ আশায় আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি করেছিলাম। নির্বাচন কমিশনও সেই মোতাবেক আশ্বাস দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সরকার সেনাবাহিনী না দিয়ে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। বর্তমান নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। সেনা মোতায়েন না করার পরে তারা পদত্যাগ করেননি। বরং তারা একটি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ এমন একজনকে সমর্থন দিয়েছে যিনি নারায়ণগঞ্জে সন্ত্রাসের ত্রাস কায়েম করেছিলেন। সাত বছর বিদেশে পালিয়ে থেকে তিনি আবার দেশে ফিরেছেন। এখন সরকার তাঁকে জয়ী করতে মরিয়া হয়ে উঠছেন। নির্বাচন বর্জনের কারণ হিসেবে তিনি বলেন, আমরা আজকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চেয়েছিলাম। শনিবার দুপুরের পর পরিস্থিতি বদলে যায়। নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীরা শহরে ঘুরতে থাকে। তারা বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে থাকে। তারা বলে, নির্বাচনে যাকেই ভোট দিস না কেন শামীম ওসমান জয়ী হবে। এমন পরিস্থিতিতে আমরা মনে করছি যে, একটি প্রহসনের নির্বাচন হবে। নির্দলীয় নির্বাচন হলেও বিএনপি আমাকে সমর্থন দিয়েছিল। আমার পক্ষে নেতা-কর্মীরা প্রচার চালিয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আমার দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচন করার মতো কোনও পরিবেশ দেখছেন না। তাই, দলীয় নেত্রীর সিদ্ধান্তে আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম।