নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে ৩৮ প্রার্থীর জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাউরা ও জোংড়া ইউনিয়নে আটজন চেয়ারম্যান, ২০ ইউপি সদস্য ও ১০ সংরক্ষিত নারী পদপ্রার্থীর কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ এ অভিযানে নেতৃত্ব দেন।জানা যায়, ইউপি নির্বাচনী আচরণবিধির ২০১০-এর উপধারা অনুযায়ী দেয়ালে পোস্টার সাঁটানো ও বিভিন্ন রঙের ব্যানার ব্যবহার করার দায়ে বাউরা ইউনিয়নের তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী—হাবিবুল হক বসুনিয়া, আবুল কালাম আজাদ ওরফে দুলাল ও নূর আহাম্মেদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ১০ ইউপি সদস্যকে দুই হাজার করে ২০ হাজার টাকা এবং নারী সদস্য পাঁচজনকে তিন হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর জোংড়া ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী—শাহ মাহমুদুন্নবী শাহীন, আনোয়ার হোসেন, আশরাফ আলী, হুমায়ুন কবীর ও সৈয়দ নূরে আলম খন্দকারের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা এবং ১২ জন ইউপি সদস্যকে তিন হাজার করে ৩৬ হাজার টাকা এবং একজনকে এক হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ জানান, আসন্ন ইউপি নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এ জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।