নির্বাচন মানতে পারছেন না আফসারউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। তবে সারা দিনই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। রিটার্নিং কর্মকর্তার কাছে লেখা এক চিঠিতে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ এই নির্বাচন মানতে পারছেন না বলে জানিয়েছেন। ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ভোট জালিয়াতি করা হয়েছে। গাজীপুর-৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোরশেদ জানান, সারা দিনে শতকরা ৩৫ থেকে ৪০ ভাগ ভোট পড়েছে বলে তিনি আশা করছেন। আজ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উপনির্বাচনে কম ভোট পড়া প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে সর্বনিম্ন ২৬ শতাংশ ভোট পড়ার রেকর্ড আছে। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে, বেলা সাড়ে তিনটার দিকে, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ এই নির্বাচন মানতে পারছেন না উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে আফসারউদ্দীন আহমদ অভিযোগ করেন, গতকাল রাত থেকে প্রশাসন তাঁদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন। বেলা একটা পর্যন্ত মাত্র শতকরা ১৫ ভাগের মতো ভোট পড়ার পর সরকারদলীয় লোকেরা ভোটকেন্দ্রগুলো দখল করে নেয়। চিঠিতে আফসারউদ্দীন আহমদ আরও অভিযোগ করেন, কাপাসিয়ার ভোটকেন্দ্রগুলোতে জাল ভোটের ছড়াছড়ি। উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নির্বাচন করেছেন নৌকা প্রতীক নিয়ে। সিপিবির মনোনীত আসাদুল্লাহ বাদলের প্রতীক কাস্তে এবং স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদের প্রতীক মোরগ।আজ সকাল সাড়ে আটটার দিকে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন আফসারউদ্দীন আহমদ। সকাল নয়টার দিকে একই কেন্দ্রে ভোট দেন সিমিন হোসেন রিমি। অপর প্রার্থী আসাদুল্লাহ বাদল বারিশাবু ইউনিয়নে নিজের এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।অধিকাংশ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দেন। নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০২টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৪টি কেন্দ্রে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সিসিটিভির মাধ্যমে ভোটের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। নির্বাচনে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ৮৮৪ জন।বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এ আসনের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন হলেন সোহেল তাজের বড় বোন এবং আফসারউদ্দীন তাঁর চাচা।