নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: বিএনপি
বিএনপি বলেছে, কিছু অনিয়মের অভিযোগ থাকলেও পৌরসভা নির্বাচনের প্রথম দফায় রাজশাহী ও রংপুর বিভাগে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। তবে জনগণের দেওয়া রায় পাল্টে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দ্রুত সঠিক ফল প্রকাশের দাবি জানিয়েছে দলটি।গতকাল সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পৌর নির্বাচন নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন চলাকালে মন্ত্রী-এমপিরা প্রশাসনের লোকদের ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়েছেন। অনেক পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভোটারদের আসতে দেওয়া হয়নি। কোনো কোনো কেন্দ্রে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যালট বই ছিনিয়ে নিয়েছে। তার পরও ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা মনে করছি।’নজরুল ইসলাম খান বলেন, ভোট গণনার সময় কারচুপির আশঙ্কা থেকে যায়। বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এমনটা হয়েছিল। তিনি বলেন, জনগণের রায়কে কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হলে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার ও নির্বাচন কমিশন দায়ী থাকবে।এ ছাড়া কুড়িগ্রাম সদর পৌরসভার পলাশবাড়ী কেন্দ্র, খলিলগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও সদর হাইস্কুল কেন্দ্র, রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর চৌপুকুরিয়া কেন্দ্র এবং গোদাগাড়ী ৫ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা হামলা করে বিএনপির সমর্থকদের আহত করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।