চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী
নির্বাচন সুষ্ঠু করতে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করা হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভবিষ্যতে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করা হবে, যাতে কেউ কারও ভোট চুরি করতে না পারে। ক্ষমতায় কে যাবে না যাবে, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আমরা চাই, আপনাদের ভোটের অধিকার আপনাদের হাতেই নিশ্চিত থাকবে। ভোট দিয়ে আপনারা সিদ্ধান্ত জানাবেন। বিএনপি এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করে ভোট চুরি করতে চেয়েছিল।’গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আজ সংবিধান নাই নাই বলে চিল্লাচ্ছে। কিন্তু দেশে অবশ্যই সংবিধান আছে। জিয়াউর রহমানই জাতির পিতাকে হত্যা করে মার্শাল ল জারি করেছিল, সংবিধার লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। তারপর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে সেখানে বসে দল গঠন করেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে যে দল তৈরি হয়েছিল, সে দল চোখে সংবিধান দেখতে পাবে না।প্রধানমন্ত্রী বলেন, ‘নারীনীতি নিয়েও একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। আমরা কোরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি প্রণয়ন করিনি।’ নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের সমর্থন চাই, মা-বোনদের সমর্থন চাই, যাতে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করতে না পারে। আমরা আপনাদের জন্য কাজ করতে গিয়ে হুমকি-ধমকির শিকার হচ্ছি। কিন্তু আমি হুমকি-ধমকিতে ভয় পাই না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ।’ নারীনীতিবিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নারী কারা? এরা তো আমাদেরই মা-বোন, আমাদেরই কন্যা। কেন তবে এদের অধিকার দেওয়া হবে না!’শিক্ষানীতিবিরোধীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা একটা শিক্ষানীতি দিয়েছি। এই শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এই শিক্ষানীতিতে আপত্তি কোথায়। আমরা এক হাজার মাদ্রাসায় পাকা বিল্ডিং করব। মাদ্রাসায় অনার্স কোর্স চালু করব। আমরা স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব চালু করব। আমরা দেশে ল্যাপটপ তৈরি করছি, যাতে ১২-১৩ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায়, শিক্ষার্থীদের হাতে হাতে যাতে ল্যাপটপ পৌঁছে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা কৃষকবান্ধব সরকার। সারের পেছনে আর কৃষক দৌড়ায় না, এখন কৃষকের পেছনে সার দৌড়ায়। আমরা তিন দফা সারের দাম কমিয়েছি। আমরা প্রবাসীকল্যাণ ব্যাংক করেছি। এ ব্যাংক থেকে ঋণ নিয়ে মানুষ সহজেই বিদেশ যেতে পারবে। তিনি বলেন,২০০১ সালে ক্ষমতা ছেড়ে আসার সময় আমরা ১০ টাকা কেজি চাল রেখে এসেছিলাম। সেই চাল বিএনপির জোট সরকারের আমলে কেন ৪০ টাকা হলো, তার জবাব দিতে হবে। তারা আদমজী জুট মিলসহ বহু কলকারখানা বন্ধ করে দিয়ে গেছে। আমরা কওমী জুট মিলসহ আরও বন্ধ কলকারখানা চালু করেছি।’ শেখ হাসিনা বলেন, বিএনপি ইসলামের কথা বলে, কিন্তু তারা শান্তির বিরুদ্ধে কাজ করে চলেছে। এ দেশে জঙ্গিদের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী মন্দা ও খাদ্যদ্রব্যের অধিক মূল্যের চাল কিনে কম মূল্যে বিক্রির ব্যবস্থা করেছি। খাদ্যনিরাপত্তার ব্যবস্থা করেছি। দারিদ্র্যসীমা ১০ ভাগে নামিয়ে এনেছি। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়েছি। এ জন্য জাতিসংঘ থেকে পুরস্কারও পেয়েছি। শেষে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন সার্ভিস চালু, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, কার্ডিয়াক বিভাগ চালুসহ সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং আরও বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংসদ ফজলে হোসেন বাদশা, ওমর ফারুক চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের সাংসদ আবদুল ওদুদ ও মুহাম্মদ জিয়াউর রহমান, রাজশাহীর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী সদর উপজেলার আমনুরায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের মেশিন স্থাপনের উদ্বোধন ও একই স্থানে রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করেন। পরে প্রধানমন্ত্রী সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা নদীর ওপর দ্বিতীয় মহানন্দা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও রেহাইচরে নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধন করেন। দুপুরে মধ্যাহ্নবিরতির পর প্রধানমন্ত্রী সার্কিট হাউসে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।