নির্বাচন সুষ্ঠু হয়েছে: সাখাওয়াত
উপনির্বাচন ও পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন।নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাখাওয়াত বলেছেন, ‘কোনো রাজনৈতিক সরকারের আমলে এত সুষ্ঠু নির্বাচন হয়েছে কি না, আমাদের জানা নেই। আজ যে নির্বাচন হয়েছে, এটা পাশের যেকোনো দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’ এ জন্য সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান তিনি, বিশেষ করে ক্ষমতাসীন দলকে।সাখাওয়াত হোসেন বলেন, ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা অন্য কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দু-এক জায়গায় ছোটখাটো সমস্যা ছাড়া বর্তমান সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে, তার সবই সুষ্ঠু হয়েছে।সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনর বলেন, নির্বাচনের জন্য যখন সেনাবাহিনী চাওয়া হয়েছিল, তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। বিশ্বকাপ ক্রিকেট, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ধারণা করা হয়েছিল, হয়তো পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না। পরে কেন্দ্রগুলোতে বিজিবির সদস্য মোতায়েন করায় কোনো সমস্যা হয়নি। গণতান্ত্রিক সরকারের আমলে নির্বাচনে একান্ত প্রয়োজন না হলে সেনাবাহিনী ব্যবহার না করাই ভালো বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, পুলিশসহ নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুযোগ দেওয়া উচিত। আজকের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন করতে পারে, তা প্রমাণিত হয়েছে।