নির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনই হবে না—একটি গণতান্ত্রিক দেশে এ কথা বলায় তো রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত বলে মনে করি।’প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘অসাংবিধানিক সরকার আনলে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না।’এর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আগে অনেক কথা বললেও এখন মুখোশ খুলে আসল কথা বলে ফেলেছেন যে, নির্বাচনই হবে না। এটাই তাঁদের আসল কথা। যাঁরা বলেন, নির্বাচনই হবে না, এর অর্থ হচ্ছে সংবিধানের মূল কথাগুলোকে তাঁরা অস্বীকার করেন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগকে আমরা চিনি। তারা গণতন্ত্রের ‘গ’-তেও বিশ্বাস করে না। এর আগে ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য তারা চতুর্দশ সংশোধনী করেছিল, এখন ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য বলছে নির্বাচনই হবে না।’ বর্তমান সরকারের সময় সংবিধান সংশোধনীর কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘সংবিধানে বলা আছে, তারা যদি না চায়, নির্বাচন না দিয়েও ক্ষমতায় থাকতে পারবে। এমন কথা তারা পঞ্চদশ সংশোধনীতে যুক্ত করেছে।’ তিনি বলেন, বিরোধী দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না।গণমাধ্যমের স্বাধীনতা ও ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।পরিষদের সভাপতি চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।