নির্বাচন হলে আ.লীগ ৩০টি আসন পাবে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, একটি পত্রিকার জরিপে বলা হয়েছে গত এক বছরে আওয়ামী লীগ ১০ শতাংশ জনপ্রিয়তা হারিয়েছে। জনপ্রিয়তা ১০ শতাংশ নয়, পাঁচ শতাংশ কমলেই নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি নিশ্চিত। তাই এখন নির্বাচন হলে ক্ষমতাসীনেরা ৩০টি আসন পাবে। গত নির্বাচনে যা বিএনপি পেয়েছিল। বিএনপিপন্থী সাবেক সিবিএ নেতা বাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে মওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, জাতির উদ্দেশে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অন্তসার শূন্য ও গতানুগতিক। বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো স্থান পায়নি। কারণ, প্রধানমন্ত্রী জানেন বিরোধী দলকে দমন-পীড়ন ছাড়া গত দুই বছরে তাঁদের কোনো সাফল্য নেই। মওদুদ আহমদ বলেন, সংসদ সার্বভৌম নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগ পারলে প্রমাণ করুক সংসদ সার্বভৌম। বিএনপি সেই দিনের অপেক্ষায় আছে। যে সংসদে দুই বছরে ১৩০টি বিল ও দুটি বাজেট একদলীয় ভাবে পাস হয়, সে সংসদ সার্বভৌম হতে পারে না।আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দীন খোকন প্রমুখ বক্তব্য দেন।