নির্বাচন ৫ জানুয়ারি, সেনা মোতায়েন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর শুক্রবার, মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর যথাক্রমে রোববার ও সোমবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর বুধবার। ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা তফসিল ঘোষণা করেন। এ সময় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের পরিপত্রে জানানো হয়েছে, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব পর্যায়ের মোট নয়জন কর্মকর্তা।পরিপত্রে আরও জানানো হয়েছে, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন এবং পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৬৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪২১টি।তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেভাবে সভা-সমিতি করে প্রার্থী মনোনয়ন দিচ্ছে, তা সংগত নয়। সব দল আইন অনুযায়ী অঙ্গীকারবদ্ধ যে তাদের কোনো অঙ্গসংগঠন থাকবে না। কিন্তু এই বিধান কোনো দলই মানছে না। দুটি বড় দলকে এ জন্য চিঠিও দিয়েছি, কোনো লাভ হয়নি। তবুও আমরা মনে করি, দলগুলোর মধ্যে আস্তে আস্তে গণতান্ত্রিক চর্চা বাড়বে।’সেনা মোতায়েন হচ্ছে না: নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না বলে জানিয়েছেন সিইসি এ টি এম শামসুল হুদা। তবে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হবে। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে পুলিশ গাছাড়াভাবে কাজ করে। তা ছাড়া নির্বাচনে র্যাব যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেনাবাহিনী তা পারে না। সেনাবাহিনীকে কিছু করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। সে জন্য র্যাব-পুলিশ সক্রিয়ভাবে কাজ করলেই বেশি লাভ।সিইসি জানান, নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য প্রতি ওয়ার্ডে একজন করে মোট ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসারের ২৪ জন করে সদস্য থাকবেন।সব কেন্দ্রেই ইভিএম: নির্বাচন কমিশনের ইতিহাসে এবারই প্রথম কোনো নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। সিইসি বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিয়েছে, ইসি সেই অনুযায়ী ইভিএম ব্যবহার করছে। স্থানীয় নির্বাচনে এ পদ্ধতি সফল হলে জাতীয় নির্বাচনেও এটি ব্যবহার করা হবে। এ ছাড়া মেশিনে ভোট হওয়ায় কাগজপত্রের কোনো ঝামেলা থাকছে না। তিনি বলেন, ভোটাররাও বলছেন ভালো। যাঁরা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করছেন, তাঁরাও বলেছেন ভালো। শুধু একটি মাত্র রাজনৈতিক দলের বিরোধিতার জন্য এ পদ্ধতি স্থগিত রাখা ঠিক নয়। সিইসি আরও জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য এবারই প্রথম সব কেন্দ্রে কমিশনের নিজস্ব ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে।কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধন করেছে। সংশোধিত আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রাণী ও বিলবোর্ড ব্যবহার করা যাবে না। এ ছাড়া আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী শোডাউন করতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীকে তফসিলি ব্যাংকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যার নম্বর, ব্যাংক ও শাখার নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে। নির্বাচনের পুরো ব্যয় এই অ্যাকাউন্ট থেকে করতে হবে। নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় এই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব বিবরণীও জমা দিতে হবে।সিইসি আরও বলেন, কোনো প্রার্থী প্রতীক বরাদ্দের আগে প্রচার শুরু করতে পারবেন না। প্রার্থী নিজে বা তাঁর পক্ষে অন্য কেউ বিলবোর্ড, পোস্টার, দেয়াল লিখন, ব্যানার, ফেস্টুন বা ডিজিটাল ব্যানার লাগালে তা ২৫ নভেম্বরের মধ্যে সরিয়ে ফেলতে হবে। সিইসি আরও বলেন, মেয়র পদপ্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে পারবেন কিন্তু ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন।