নির্বাচনকালীন মন্ত্রিসভায় বিএনপি থাকতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনের সময় অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হবে। সেই মন্ত্রিসভায় বিএনপিও থাকতে পারবে। এ জন্য তারা পার্লামেন্টে প্রস্তাব দিতে পারে। বিবিসি বাংলা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।শেখ হাসিনা বলেন, ‘সবাই মিলে একটি ছোট মন্ত্রিসভা করে আমরা নির্বাচন করতে পারি।’ তাঁর পর আওয়ামী লীগের নেতা কে হবেন—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সে সিদ্ধান্ত তিনি দলের ওপর চাপিয়ে দেবেন না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবে হবে।প্রধানমন্ত্রীর পুরো সাক্ষাৎকারটি আজ মঙ্গলবার সকালের এবং সন্ধ্যার অনুষ্ঠানে সম্প্রচার করা হবে বলে জানিয়েছে বিবিসি।ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পর্কে শেখ হাসিনা বলেন, চুক্তির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ কারণে আটকে আছে। তবে চুক্তি না হওয়ায় তাঁর সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে তিনি মনে করেন।অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ২৫ জুলাই পাঁচ দিনের সফরে যুক্তরাজ্যে যান শেখ হাসিনা। লন্ডনে অবস্থানকালে তিনি বিবিসি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন।বিবিসি টেলিভিশনের হার্ডটক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।সুশাসন নিশ্চিত করতে সরকারের সক্ষমতার ওপর বিশ্বব্যাংক আস্থা হারাল কেন—বিবিসির এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘তারা (বিশ্বব্যাংক) হঠাৎ করেই দুর্নীতির বিষয়টি তুলল। এরপর আমি এবং আমার অর্থমন্ত্রী বললাম, ঠিক আছে, তাহলে প্রমাণ দিন। কিন্তু তারা কোনো সুদৃঢ় প্রমাণ দিতে পারল না।’বিবিসির উপস্থাপক তখন প্রশ্ন করেন, তাহলে কি আপনি পদ্মা সেতু প্রকল্পের কাজের চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন? জবাবে শেখ হাসিনা বলেন, ‘অবশ্যই, অবশ্যই।’কোনো অনিয়মই যদি না হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী কেন পদত্যাগ করলেন—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অনেকে এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এ জন্যই তিনি পদত্যাগ করেছেন। তিনি সাহসী কাজ করেছেন। কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে সম্ভবত তিনি পদত্যাগ করতেন না।ইউনূস ও গ্রামীণ ব্যাংকের সমালোচনা: অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ড. ইউনূসকে কেন আপনি গরিবের রক্তচোষা বলেছেন—এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘আপনি বাংলাদেশে যান, নিজের চোখে দেখেন, তাহলে বুঝবেন। তা ছাড়া তিনি (ইউনূস) এ কথা কীভাবে বলছেন যে, আমি তাঁকেই বলেছি। আমি কি তাঁর নাম উল্লেখ করেছি? আমি তা করিনি। আমি বলেছি, কেউ একজন।’এ পর্যায়ে প্রশ্নকর্তা বলেন, তাহলে আপনি কি এখন অস্বীকার করছেন, ড. ইউনূসকে গরিবের রক্তচোষা বলেননি? প্রধানমন্ত্রী জবাব দেন, ‘না, আমি কিছু অস্বীকার করছি না; বরং আমি আপনার কাছে জানতে চাইছি, আপনার কেন মনে হলো যে আমি তাঁকেই বলেছি?’ তখন প্রশ্নকর্তা বলেন, ‘আমি বাংলাদেশের পত্রপত্রিকা পড়েছি। আমার মনে হয়েছে, বাংলাদেশের গণমাধ্যম বিশ্বাস করে, আপনি যখন “গরিবের রক্তচোষা” কথাটি বলেছেন, তখন সরাসরি তাঁকেই ইঙ্গিত করেছেন।’তখন শেখ হাসিনা বলেন, ‘গরিব মানুষের কাছ থেকে ৩০, ৪০ বা ৪৫ শতাংশ সুদ নেওয়া কি ন্যায়সংগত? না। এই গরিব লোকগুলো কীভাবে স্বাবলম্বী হবে? আপনি টাকা ধার দিয়ে ৩৫ থেকে ৪৫ শতাংশ সুদ নিলেন, এটি লজ্জাকর।’প্রশ্নকর্তা জানতে চান, ২০০৭ সালে ড. ইউনূস রাজনৈতিক দল গঠনের চেষ্টা করার পর আপনি তাঁকে গ্রামীণ ব্যাংক ছাড়তে বাধ্য করেন, এটা কি সত্যি? জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই সময় আমি বন্দী ছিলাম। তিনি বড় একজন মানুষ হলে তখন ব্যর্থ হলেন কেন? সব সুবিধাই তাঁর ছিল, তিনি কেন দল গঠন করতে পারলেন না?’সানডে এক্সপ্রেস পত্রিকাকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগের সম্ভাবনা আছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘অসংখ্য শরণার্থী আমাদের দেশে ঢোকার চেষ্টা করছে। এমনিতেই বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যার দেশ। আর কত মানুষকে আমরা জায়গা দিতে পারি?’ এত বিপুল মানুষ কেন পালিয়ে আসার চেষ্টা করছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুসন্ধান করে দেখা উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।