জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির দাবিও তত কমে আসছে। নির্বাচনে অংশ নিতে দলটির এখন একটিই দাবি, তা হলো নির্বাচনকালীন নির্দলীয় সরকার। তা যে নামেই হোক।এ বিষয়ে আরও খোলাসা করে বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে না, এটাই বিএনপির চাওয়া।’ তাঁরা বলেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে, এ ব্যাপারে এখন পর্যন্ত বিএনপির সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। তাঁরা কেবল বর্তমান ব্যবস্থার পরিবর্তন চান।অথচ এর আগে নির্বাচনের বিষয়ে বিএনপির নানা দাবি ছিল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন সময় এসব দাবির কথা বলেছেন। এর মধ্যে ছিল পঞ্চদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহাল, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি এ বি এম খায়রুল হককে না রাখা, আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল, জনপ্রশাসন দলীয়মুক্তকরণ ইত্যাদি। কিন্তু এখন শুধু নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা হলেই বিএনপি সন্তুষ্ট। ১১ জুনের গণসমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও কেবল নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবির কথা তুলে ধরেন। এ সমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তিন মাস ধরে বিএনপির নেতারা বলে এলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে দলটি। সরকারকে আরও এক দফা সময় দিয়ে দাবির বিষয়ে প্রকারান্তরে সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও জানিয়েছেন বিএনপির নেত্রী।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিএনপি মনে করে, রাজনীতিতে কোনো কিছু নিয়ে জেদ ধরে রাখার সুযোগ নেই। এ জন্য দাবির ব্যাপারে ছাড় দিতে চায়। বিষয়টি সরকারের নীতিনির্ধারকদেরও বিভিন্নভাবে জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপি এখন সরকারের অবস্থান পর্যবেক্ষণ করছে।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার সভাপতিত্বে ৯ জুন অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী নির্বাচনে অংশ নিতে সরকারের কাছে একাধিক শর্ত না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি হুবহু ফিরিয়ে আনার দাবিতে অনড় না থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দলীয় রাখার পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরাসরি রাজনীতি করেন—এমন কোনো ব্যক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন না—এমন কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকে এলে বিএনপি সেটাও মেনে নেবে বলে স্থায়ী কমিটির ওই বৈঠকে আলোচনা হয়। সূত্রটি জানায়, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ কী ভাবছে, সেটাই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। কেননা, সরকার চাইলেই সংবিধান সংশোধন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ হওয়া সম্ভব। বর্তমান ক্ষমতাসীনদের বাইরে অন্য ব্যক্তিদের দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে বিএনপির বলার কিছু থাকবে না।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করেছে। এটা হুবহু ফিরিয়ে আনবে, তা ভাবা ঠিক নয়। বিএনপির চেয়ারপারসন নির্দলীয় সরকারের কথা বলেছেন, যেকোনো নামে হোক না কেন। সরকারদলীয় নেতারাও অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা নিয়ে কথা বলছেন। রাজনীতির অঙ্গনে এটা নিয়েই সবাই আলোচনা করছেন। একটা না একটা উপায়ে সমস্যার সমাধান সরকারকেই করতে হবে।