নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রস্তাব টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার গঠনে একটি রূপরেখা প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রস্তাব অনুযায়ী, প্রধান দুই রাজনৈতিক জোটের সমানসংখ্যক সাংসদকে নিয়ে একটি সংসদীয় ঐকমত্য কমিটি হবে। এ কমিটি নির্বাচনকালীন সরকারের প্রধান ও মন্ত্রিসভার ১০ সদস্যের তালিকা তৈরি করবে।গতকাল শুক্রবার মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘বাংলাদেশের নির্বাচনকালীন সরকারব্যবস্থা: প্রক্রিয়া ও কাঠামো প্রস্তাবনা’ শিরোনামে এ রূপরেখা তুলে ধরে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি। রূপরেখা প্রস্তাবে বলা হয়, জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৩০ দিনের মধ্যে সংসদীয় ঐকমত্য কমিটি গঠিত হবে। এ কমিটি চার থেকে ছয় সদস্যবিশিষ্ট বা উভয় পক্ষের আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য অন্য কোনো সংখ্যক হতে পারে। কমিটি উভয় রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য একজনকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেবে, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা অনির্বাচিত ব্যক্তিও হতে পারেন। সরকারের প্রধান নির্বাচনে কমিটি ঐকমত্যে পৌঁছাতে না পারলে তারা অনধিক তিনজনের তালিকা প্রস্তুত করে তা স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে নির্বাচন করবেন। একই সঙ্গে ঐকমত্য কমিটি নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভার বাকি ১০ সদস্যের তালিকাও চূড়ান্ত করবে। এ ক্ষেত্রে কয়েকটি বিকল্পের কথা বলা হয়েছে। যেমন, উভয় জোট থেকে সমানসংখ্যক নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে হতে পারে। আবার অনির্বাচিত বা নির্দলীয় ব্যক্তিদের নিয়ে কিংবা দুই ধরনের ব্যক্তিদের সমন্বয়েও হতে পারে। আবার বিগত তিনটি নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের দলীয় অনুপাতের ভিত্তিতে প্রত্যেক দলের পক্ষ থেকে নির্বাচিত, অনির্বাচিত কিংবা নির্দলীয় ব্যক্তিদের তালিকা নিয়েও ১০ সদস্যের মন্ত্রিসভা হতে পারে। প্রস্তাবে আরও বলা হয়, ঐকমত্য কমিটি প্রথমে সরকারপ্রধান মনোনয়ন চূড়ান্ত করবে। পরে তাঁর সঙ্গে আলোচনা করে বাকি ১০ জনের তালিকা প্রস্তুত করবে। আবার এমনও হতে পারে, কমিটি প্রথমে মন্ত্রিসভার ১০ জনকে চূড়ান্ত করে, তাদের সঙ্গে আলোচনা করে সরকারপ্রধান পদে মনোনয়ন চূড়ান্ত করবে। এরপর রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ হওয়ার পর জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। প্রস্তাবিত এ নির্বাচনকালীন সরকারকাঠামো ও প্রক্রিয়া গৃহীত হলে দশম সংসদ নির্বাচনসহ পরবর্তী নির্বাচনে তা কার্যকর করার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করার কথাও রূপরেখায় বলা হয়।সংবাদ সম্মেলনে রূপরেখার বিভিন্ন দিক উপস্থাপন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।টিআইবি কেন এ রূপরেখা দিচ্ছে, সে ব্যাখ্যা দিতে গিয়ে সুলতানা কামাল বলেন, তাঁরা সুশাসন চান। কারণ, সুশাসনের অভাবে দুর্নীতি হয়। সুশাসনের জন্য তাঁরা এ রূপরেখা দিয়েছেন।ইফতেখারুজ্জমান বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের কাছে টিআইবির এ রূপরেখা উপস্থাপন করা হবে। তিনি বলেন, ‘দায়িত্বপূর্ণ অবস্থান থেকে মনে করছি, এ প্রক্রিয়াকে (নির্বাচন) গণতান্ত্রিক করার জন্য আলোচনার সুযোগ সৃষ্টি করে দেওয়া প্রয়োজন।’নির্বাচনকালীন সরকারের বাধ্যবাধকতা: রূপরেখায় বলা হয়, নির্বাচনকালীন সরকারের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৯০ দিন। এর মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। শুধু গুরুতর প্রাকৃতিক দুর্যোগকালীন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত এ সরকারের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।এ সরকার কেবল নির্বাচনসংক্রান্ত ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। বড় প্রকল্প গ্রহণ এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কোনো চুক্তি বা বৈদেশিক সাহায্য বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। নির্বাচনকালীন সরকারের সদস্যরা যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন, তাহলে তাঁদের উভয় জোটের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন, পরস্পরের প্রতি সহিষ্ণু মনোভাবাপন্ন এবং প্রতিপক্ষ দলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অনির্বাচিত হলে তাঁদের উভয় জোটের কাছে গ্রহণযোগ্য, জাতীয় পর্যায়ে প্রশংসিত, সৎ, আস্থাভাজন, পেশাগত জীবনে সুখ্যাত ও প্রশাসনিকভাবে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। নির্বাচনকালীন সরকারের কেউ ওই নির্বাচনে অংশ নিতে কিংবা নতুন সরকারের মেয়াদে সরকারি কোনো লাভজনক পদেও থাকতে পারবেন না। ঐকমত্যের কমিটির গঠন: ঐকমত্যের কমিটি গঠনের জন্য স্পিকার মনোনয়ন আহ্বান করবেন। উভয় জোটের মনোনীত সদস্যদের নিয়ে স্পিকার ঐকমত্যের কমিটির সভা আহ্বান করবেন। এ কমিটি কার্যকর থাকাকালীন সব সাচিবিক দায়িত্ব পালন করবে সংসদ সচিবালয়। কমিটিতে দুই জোটের দুজন আহ্বায়ক থাকবেন, যাঁরা ঠিক করবেন, কমিটির কোন বৈঠকে কে সভাপতিত্ব করবেন।ঐকমত্যের কমিটির সদস্যরা নির্বাচনকালীন সরকারের প্রধান কিংবা অন্য সদস্যদের তালিকা তৈরির ক্ষেত্রে নিজ নিজ দল বা জোটের সঙ্গে আলোচনা করবেন। দায়িত্ব এখন রাজনীতিকদের: টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, নির্বাচনকালীন সরকার কী হবে—এ বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভেদ তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো এখন যে দিশেহারা ভাব দেখাচ্ছে বা সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে, এর পেছনে এটা একটা বড় কারণ। এর ফলে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। এ অবস্থায় রাজনীতিকদের একটি সমঝোতায় পৌঁছাতে হবে। টিআইবি এ বিষয়ে দূতিয়ালি করবে কি না, এ প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘দূতিয়ালি করতে হলে তো স্বীকৃতি থাকতে হবে। তবে নাগরিক হিসেবে কথা বলার অধিকার আমাদের আছে। এ জন্যই এ রূপরেখা দিয়েছি। এখন রাজনীতিকদের দায়িত্ব, তাঁরা কী করবেন।’এম হাফিজউদ্দিন খান বলেন, মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা হয়েছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমঝোতার মনোভাব থাকলে টিআইবির ফর্মুলা ধরে সমাধান বের করা সম্ভব।