নির্বাচনপদ্ধতি নিয়ে শহীদ-মওদুদ তর্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে তর্কে জড়ালেন সরকারদলীয় চিফ হুইপ আবদুস শহীদ ও বিএনপি নেতা মওদুদ আহমদ। বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার জন্য রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়। ওই নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে আজ বুধবার সকালে তাঁরা তর্কে জড়িয়ে পড়েন।আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি সাংবাদিকদের বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন সম্ভব নয়।এ সময় পেছন থেকে মওদুদের কাঁধে হাত রেখে সরকারদলীয় চিফ হুইপ আবদুস শহীদ বলেন, ‘দেখলেন তো, ওবামা ক্ষমতায় থাকাকালেই যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। যদি ওদের নির্বাচনকে সুষ্ঠু মনে করেন, তাহলে আগামী নির্বাচনও নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু হবে, এটা মেনে নিন। আসুন, সবাই মিলে নির্বাচনে অংশ নিই।’এর জবাবে মওদুদ আহমদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন এ দেশের জনগণও বিশ্বাস করে না। তাই আমরাও মেনে নেব না। আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আপনাদের প্রতি মানুষের আস্থা নেই।’এর পাল্টা জবাবে আবদুস শহীদ বলেন, অনির্বাচিত সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে, অথচ নির্বাচিতদের প্রতি আস্থা থাকবে না—এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে মওদুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।