নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে আরও সক্রিয় হতে তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে আপনার কাজের দ্বারা প্রশাসনের অন্য কর্মকর্তাও অনুপ্রাণিত হবে।’ আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভাষণদানকালে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দলের নীতিমালার আলোকেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, যা প্রতি ১০ বছর অন্তর পরিবর্তন করা হয়ে থাকে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে গত সাধারণ নির্বাচনের আগে তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ জানান, কর্মকর্তাদের কাছ থেকে তাঁদের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে তাঁদের কিছু নির্দেশনা প্রদান করেন।রাজনৈতিক সরকারের কার্যক্রমের উল্লে¬খ করে তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে হয়। তিনি আরও বলেন, ‘সময়সীমা বিবেচনা করে কাজ শেষ করার জন্য আপনাদের অতিরিক্ত কাজের চাপ নিতে হবে।’আওয়ামী লীগের সভানেত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন উপকমিটি রয়েছে এবং এসব উপকমিটি বিভিন্ন জাতীয় ইস্যুতে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করে। তাদের সুপারিশগুলো সংরক্ষণ করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর বিগত সরকারের গৃহীত যেসব পরিকল্পনা ও কর্মসূচি জনগণের কল্যাণ সাধন করেছে, সেগুলো বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কমিউনিটি স্বাস্থ্যসেবা, আশ্রয়ণ, ঘরে ফেরা ও একটি খামার, একটি বাড়ি প্রকল্প।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণের কল্যাণে এসব কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, সৈয়দ মোদাচ্ছের আলী ও গওহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম. জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান, প্রেসসচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকেরা অংশ নেন।