নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড এবং গোয়ালন্দে একজন পোলিং এজেন্টকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিচারক সাউদ হাসান জানান, কেন্দ্রের বাইরে মিছিল করার অভিযোগে রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসার আলী সরদারের কর্মী সুমন হোসেনকে (২৬) গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের কাউন্সিলর প্রার্থী শামীম খানের কর্মী হেলাল উদ্দিন (২০) ২০-২৫ জনকে নিয়ে কেন্দ্রের বাইরে মিছিল করছিলেন। এ অভিযোগে তাঁকেও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে গোয়ালন্দে কেন্দ্রে বসে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে এক পোলিং এজেন্টকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোয়ালন্দের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, গোয়ালন্দ প্রোপার হাইস্কুল কেন্দ্রে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজাহান শেখের পক্ষের পোলিং এজেন্ট মাসুদ রানা (২৫) কেন্দ্রে বসে মোবাইল ফোনে কথা বলছিল। তাই ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ শাস্তি দেন। অন্যদিকে গোয়ালন্দে আইডিয়াল হাইস্কুল ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বিল্লু বিশ্বাস (১৮) নামের এক যুবককে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখানে নাজিরউদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের জালাল মোল্লা (৫০) নামের একজন পোলিং এজেন্ট প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কেন্দ্রের বাইরে যাওয়ায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়।