নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ইউপি চেয়ারম্যানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধাকে (৫০) ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে তাঁকে গ্রেপ্তার করে বিকেল চারটার দিকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।সদরপুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ওলিউর রহমান প্রথম আলোকে জানান, বিকেল চারটার দিকে ওই কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান ফরহাদকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।ওই উপজেলার ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে অন্য উপজেলা ও অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়া সত্ত্বেও ফরহাদ হোসেন দলবল নিয়ে এই কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করলেও তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন আকটেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাঁর ফুপাতো ভাই গোলাম রব্বানী ওরফে পান্নু কাজীর সমর্থনে দলবল নিয়ে প্রভাব বিস্তার করতে ওই কেন্দ্রে গিয়েছিলেন।প্রসঙ্গত, ১৬ জুন চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউপি নির্বাচনে ফরহাদ হোসেন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।