নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের নানা অভিযোগ এনেছে। আবদুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল অভিযোগ করেছে, হেলাল মোর্শেদ খানের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনী প্রচারে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নিচ্ছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খান মো. বেলায়েত হোসেন এ অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হেলাল মোর্শেদ খানকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু কমিটির প্রধান ও সদস্যসচিব নির্বাচনে অংশ নিয়েছেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হেলাল মোর্শেদ খান নেতৃত্বাধীন প্যানেল তাদের নির্বাচনী পোস্টারে আইন লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে নিজেদের প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছে। এক প্রশ্নের জবাবে খান মো. বেলায়েত হোসেন জানান, তারা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনকে এসব অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন। কমিশন শুধু সবাইকে আইন মেনে চলার জন্য অনুরোধ করছে। তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলেছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না কমিশন। এমনটি চলতে থাকলে তারা আদালতে যেতে বাধ্য হবেন।