নির্বাচনী ওয়াদা পালন করেই ক্ষমতা ছাড়বে সরকার: লতিফ বিশ্বাস
মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচনী প্রতিটি ওয়াদা পালন করে, পাঁচ বছর মেয়াদ পূরণ করেই ক্ষমতা ছাড়বে বর্তমান সরকার। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আবদুল লতিফ বিশ্বাস বলেন, সাংবাদিকেরা জাতির জাগ্রত বিবেক। তাঁদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচনী ওয়াদা অনুযায়ী মহাজোট সরকার অবাধ তথ্যপ্রবাহ আইন পাস করেছে।মন্ত্রী আরও বলেন, মহাজোট সরকার নির্বাচনী ওয়াদা অনুযায়ী আগামী নির্বাচনের আগে দেশের প্রতিটি ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে। চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেট সরকারকে বেকায়দায় ফেলার জন্য চালের মূল্য বৃদ্ধি করেছে। চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনার জন্য চার কোটি মানুষকে ফেয়ার প্রাইজ কার্ড দেওয়া হচ্ছে।সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী, সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরি তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।