নির্বাচনী বাজেট চান সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের শেষ অর্থবছরের জন্য নির্বাচনী বাজেট চান সাংসদেরা। তাঁদের দাবি, নির্বাচনে পাস করতে নিজেদের এলাকায় রাস্তাঘাট নির্মাণে বরাদ্দ বাড়ানো হোক। এ ছাড়া আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসা নির্মাণেও বাড়তি বরাদ্দ চেয়েছেন তাঁরা। আবার নতুন প্রকল্প নয়, পুরোনো প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন সাংসদেরা। এতে আগামী অর্থবছরের শুরুতেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে, যা নির্বাচনের সময় কাজে লাগবে বলে মনে করেন তাঁরা। গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় জাতীয় সংসদের মন্ত্রণালয়ভিত্তিক ছয়টি স্থায়ী কমিটির সভাপতিরা এসব দাবি করেন। সভায় পদ্মা সেতু নিয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা, লোডশেডিং ফিরে আসায় সমালোচনা এবং অপচয়-অপব্যবহারের অভিযোগ তুলে টিআর-কাবিখা বন্ধ করার সুপারিশ করা হয়। বৈঠকে অংশ নেন তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ, ফজলে রাব্বী মিয়া, এ কে এম রহমতুল্লাহ ও আনোয়ারুল হক। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বাজেটের রূপরেখা সম্পর্কে উপস্থিত সাংসদদের ধারণা দেন অর্থমন্ত্রী। তবে সাংসদদের এই ধরনের চাপের মুখে অর্থমন্ত্রী কীভাবে বাড়তি অর্থ বরাদ্দ দেবেন, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদেশি সহায়তা কমে যাচ্ছে। ব্যাংকবহির্ভূত খাত থেকে সরকার আশানুরূপ ঋণ পাচ্ছে না। আবার ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে লক্ষ্য ছাড়িয়ে যাবে। তাঁর মতে, ব্যাংক ঋণ নিয়ে চাহিদা মেটানো হলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাবে, বাড়বে সুদের হার। এতে প্রবৃদ্ধি কমে যাবে। আবার শেষ মুহূর্তে তাড়াহুড়া করে প্রকল্প বানিয়ে খরচ করলে গুণগত মান থাকে না। নির্বাচনী বাজেটের দাবি: সভায় অংশ নেওয়া শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, এটা ক্ষমতার শেষ বছর। এবারের বাজেট বেশ গণমুখী হতে হবে। নিজের নির্বাচনী এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত চার বছরেও ভোলায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারিনি। এলাকার জনগণ বলে, এখানে বিদ্যুৎ আসার কথা ছিল, এখনো আসেনি। বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা (সাংসদ) তখন ছোট হয়ে যাই। ভোলায় গ্যাস আছে, পাইপলাইন তৈরি হয়ে গেছে। কিন্তু সংযোগ নেই। জনগণের কাছে আমাদের কৈফিয়ত দিতে হয়, জবাবদিহি করতে হয়।’ পদ্মা সেতু সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, পদ্মা সেতু আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটা একটি স্বপ্ন ছিল। কিন্তু আমরা পূরণ করতে পারিনি। নির্বাচনের বছরে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ দেওয়া হবে তা জানা দরকার। এ ছাড়া নির্বাচন সামনে রেখে শেয়ারবাজারকে গুরত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেন তিনি। এমপিওভুক্ত স্কুলের সংখ্যা বাড়ানোরও তাগিদ দেন এই সাবেক মন্ত্রী। এ জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন তিনি।শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘স্কুল এমপিওভুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। সব সাংসদই নিজেদের নির্বাচনী এলাকায় স্কুল এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেন। মনে হয়, এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়ে অপরাধ করছি।’ তিনি আরও বলেন, বিদ্যুতের কথা যতই বলি না কেন, লোডশেডিং আবারও ফিরে এসেছে।রাশেদ খান মেনন বলেন, ‘পদ্মা সেতু সম্পর্কে আমরা সুস্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না। বলা হচ্ছে, নিজস্ব অর্থায়নে হবে, সার্বভৌম বন্ড ছাড়া হবে। মানুষকে নিশ্চিত করা প্রয়োজন যে পদ্মা সেতু হবে।’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এটা নির্বাচনের বছর। খারাপ রাস্তাঘাট মেরামতে সরকারের অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু কতটা কাজে আসছে, প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘বাজেটে যা-ই বরাদ্দ থাকুক না কেন, তা নির্বাচনের আগে খরচ করতে হবে। এখন নতুন প্রকল্প না নিয়ে পুরোনো চলমান প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে দিলেই নির্বাচনে ফল পাওয়া যাবে। কেননা নতুন প্রকল্পের কাজ শুরু করতেই এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তিনিও সাংসদদের প্রতিশ্রুতি দেওয়া স্কুলগুলো এমপিওভুক্ত করার সুপারিশ করেন। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া মনে করেন, পদ্মা সেতুর কাজ শুরু না হলে এই সরকার সম্পর্কে দক্ষিণাঞ্চলের মানুষের বিরূপ মনোভাব তৈরি হবে। যমুনা নদীর ওপর বাহাদুরাবাদ-জগন্নাথগঞ্জ রুটে একটি রেলসেতু নির্মাণের দাবি করেন তিনি। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আনোয়ারুল হক বলেন, ‘সরকারের শেষ বছর, তাই খোলাখুলি বলছি, নির্বাচনী বাজেট হতে হবে।’ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়ানোর দাবি করেন তিনি। আগামী নির্বাচন সামনে রেখে রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, এমপিওভুক্ত স্কুলের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি সিএনজিচালিত করার সুবিধা বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ সাংসদ। কিন্তু নির্বাচনী বছর হওয়ায় তা এই মুহূর্তে কার্যকর না করার অনুরোধও করেন তাঁরা। চিনির দুর্নীতি: দাম স্থিতিশীল করতে সরকারি চিনিকলগুলো আরও কার্যকর করার দাবি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি একজন ব্যবসায়ীকে জানি, যিনি বিদেশে রপ্তানি করার নামে সরকারি চিনিকল থেকে চিনি কিনে রোজার সময় বাজারে বিক্রি করে দিয়ে ২০ কোটি টাকা মুনাফা করেছেন।’ এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি চিনিকলগুলো বন্ধ করে দেওয়া উচিত। বলা হয়, এই শিল্পের ওপর ৫০ লাখ লোক নির্ভরশীল। টোটালি রাবিশ। মাত্র সাত লাখ লোক নির্ভরশীল এই খাতের ওপর। আর এই চিনিকলগুলোর জন্য বছরে ৪০০ কোটি টাকা লোকসান হয়।’ কাবিখা, টিআর বন্ধের দাবি: সভায় অংশ নেওয়া ছয় সাংসদই সামাজিক নিরাপত্তার আওতায় চলমান কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, কাবিখা, টিআরের সুবিধা সাধারণ মানুষ পায় না। স্থানীয় নেতা-কর্মীরা সুবিধাভোগীদের চাল বিক্রি করে দেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কাবিখা, টিআরের মতো কর্মসূচিতে কিছুটা রাজনৈতিক ফায়দা পাওয়া গেলেও সামাজিক উন্নয়ন হয় না। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘যখন এলাকায় যাই তখন কাবিখা, টিআর কর্মসূচি সম্পর্কে নেতা-কর্মীরা বলেন, চার বছরে কিছুই পাইনি। এসব বলে আমাদের মাথা খেয়ে ফেলে। এই ধরনের কর্মসূচির কোনো মানে নেই।’ তিনি মত দেন, এসব কর্মসূচির অর্থ দিয়ে মসজিদসংলগ্ন পুকুরের ঘাট নির্মাণ করা হলেও মানুষ উপকার পাবে। অর্থমন্ত্রীর বক্তব্য: নির্বাচনী বাজেট প্রণয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার নির্বাচনমুখী বাজেট করবে—এটাই স্বাভাবিক। কেননা তারা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। অর্থমন্ত্রী আরও বলেন, আশা করি বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণই সস্তা ও দ্রুততম হবে। এ জন্য আন্তর্জাতিক সার্বভৌম বন্ড ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনের আগে যাতে সব প্রকল্পের কাজে অগ্রগতি আসে, সে জন্য ঠিকাদারদের পরিশোধের জন্য অর্থ ছাড়ের উদ্যোগ নেওয়া হবে। নতুন প্রকল্প না নিয়ে পুরোনো প্রকল্পে বরাদ্দ বাড়ানোর সুপারিশের প্রশংসা করেন তিনি। অর্থমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে রেল যোগাযোগ উন্নয়নে একটি রূপরেখা থাকবে। এ ছাড়া দেশের সব বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদনের পরিমাণ, ভবিষ্যৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য থাকবে। ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহার নিষিদ্ধ করার জন্য জনমত তৈরির জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।