নির্বাচনী মেজবানের হিসাব না দিলে মামলা হবে: সাখাওয়াত
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনী মেজবানের হিসাব না দিলে মামলা করা হবে। এই সতর্কতা জানিয়ে তিনি আজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের সতর্ক করে দিয়েছেন। আজ দুপুরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় কয়েকজন মেয়র প্রার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা খবর পাচ্ছি, কোথাও কোথাও মেজবান হচ্ছে। আমরা সেগুলোর খোঁজখবর রাখছি। প্রার্থীদের মনে রাখা উচিত, নির্বাচনের পর এসব মেজবানের হিসাব দিতে হবে। না হলে মামলা হবে।’ তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা এখনও আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসছেন। প্রার্থীরা সহযোগিতা করলে এটা একটি অনুকরণীয় নির্বাচন হয়ে থাকতে পারে। নির্বাচন উপলক্ষে যাঁরা চট্টগ্রামে ‘পিকনিক’ করতে এসেছেন তাঁরা ১৪ জুনের পর চলে যাবেন বলে নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন। তিনি নির্বাচন উপলক্ষে মন্ত্রীদের চট্টগ্রামে না আসার অনুরোধ করেন। এলে তাঁরা বিব্রত হবেন বলেও তিনি জানিয়ে দেন।