নির্বাচনী রঙ্গ
ছড়ায় ছড়ায় প্রচারণানারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। তাই ভোটার আর প্রার্থীদের মধ্যে উৎসাহের মাত্রাটা বেশি। নির্বাচনী আচরণবিধির কারণে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ৯ অক্টোবরের আগে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারছেন না। তবে কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর মাহাত্ম্য বর্ণনা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দোষত্রুটি তুলে ধরে ছড়া তৈরি করছেন। এসব ছড়া এখন মুখে মুখে ফিরছে। এর মধ্যে একটি হচ্ছে—‘আইভী আইভী ভোট পাবে গায়েবি’। গোপন ব্যালটে মানুষ যে আইভীকে ভোট দিবে সে দাবি করা হচ্ছে এই ছড়ায়-ছন্দে।অনুদানের প্রতিযোগিতা!নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে দুজন ধনাঢ্য প্রার্থী কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন। দুজনই প্রথমবারের মতো নির্বাচন করছেন। তাঁদের একজন কেব্ল অপারেটর। তিনি স্যাটেলাইট চ্যানেলের সংযোগের জন্য গ্রাহকদের কাছ থেকে ২০০ টাকা করে নেন। নির্বাচন উপলক্ষে এখন ৫০ টাকা কম নিচ্ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীও বসে নেই। ওয়ার্ডবাসীকে তিনি কথা দিয়েছেন, নির্বাচিত হন আর না হন, ওয়ার্ডের নাগরিকদের চিকিৎসা-সুবিধার জন্য দুটি অ্যাম্বুলেন্স কিনে দেবেন। তবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে দুই প্রার্থীর কেউ-ই এই অনুদানের প্রতিযোগিতা নিয়ে মুখ খুলতে চাইছেন না।প্রতীক যখন মুলাসাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচনী প্রতীকের মধ্যে একটি হচ্ছে মুলা। ১৩ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। তবে মুলা প্রতীক নিয়ে এরই মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আপত্তি জানিয়েছেন। সম্প্রতি শহরের চাষাঢ়ায় জিয়া হলে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আসেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তাঁর কাছেই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা মুলা প্রতীক নিয়ে তাঁদের আপত্তি তুলে ধরেন। তাঁদের ভাষ্য, কেউ মুলা প্রতীক পেলে তাঁর প্রতীক নিয়ে প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা রঙ্গ-ব্যঙ্গ করতে ছাড়বে না।—নারায়ণগঞ্জ প্রতিনিধি