নির্বাচনী সংঘর্ষে দুই দলের ১২ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দলের সমর্থকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার একাধিক সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।গত দুই দিনে আরও কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। নির্বাচনী এলাকায় এ নিয়ে উত্তেজনা চলছে। আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী ও বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল এক বিবৃতিতে নাজিমউদ্দিন আলমের ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে সেখানে সেনাবাহিনী মোতায়েন না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, পরাজয় আঁচ করতে পেরে বিএনপি এ উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।হামলা: গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির নেতা নাজিমউদ্দিন আলম লালমোহন উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের সাতানীবাজার এলাকায় জনসংযোগ করতে গিয়ে হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে। পরে তিনি চলে আসার সময় তাঁর গাড়িসহ কয়েকটি গাড়ির কাচ ভেঙে দেয় হামলাকারীরা। তিনি ও দলের আহত কর্মীরা লালমোহন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন।আলমের দাবি, হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। তবে স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক সন্তোষ কুমার বলেছেন, নাজিমউদ্দিনের মাথায় কাচের টুকরোর আঘাত লেগে থাকতে পারে। শরীরের বিভিন্ন অংশেও একই ধরনের জখম আছে। তবে আঘাত গুরুতর নয়। আহত অন্যরাও আশঙ্কামুক্ত।স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন লালমোহন উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিনুল হক, চরফ্যাশন উপজেলার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি চিনু মিয়া, দৈনিক দিনকাল-এর লালমোহন থানা প্রতিনিধি শহীদুল ইসলাম, যুবদল কর্মী বিল্লাল মিয়া, মো. জামাল, ছাত্রদল কর্মী ইব্রাহিম খলিল, মো. জান্টু ও নাজমুল। মমিনুল হক দাবি করেন, ফরাসগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল, ছাত্রলীগ নেতা জসিম ও লাইজুর নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়েছে। বিএনপির কর্মীরা অভিযোগ করেন, বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ তাঁদের দেখতে হাসপাতালে আসতে চাইলেও আওয়ামী লীগের কর্মীদের বাধার কারণে তিনি সেখানে ঢুকতে পারেননি।ছাত্রলীগের ভিন্ন দাবি: ঘটনাস্থল সাতানীবাজারে গেলে ছাত্রলীগের স্থানীয় নেতা জসিম মৃধা অভিযোগ করেন, বিএনপির কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তাঁকে নাজিমউদ্দিন আলমের সামনে লাঠিপেটা করা হয়েছে। জসিম তার শরীরে জখমের চিহ্নও দেখান এ প্রতিবেদককে।জসিম মৃধা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির ফরাসগঞ্জ ইউনিয়নের দলনেতা। তিনি দাবি করেন, সেখানে সংঘর্ষ হয়নি। বিএনপির ক্যাডাররা নিজেদের গাড়ি নিজেরা ভেঙে নাটক সাজিয়েছে। আর ভাঙা কাচের আঘাতে তাঁরা আহত হয়েছেন।পুলিশ যা বলছে: সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো দলের কর্মসূচির ২৪ ঘণ্টা আগে আমাদের জানানোর কথা। কিন্তু উনি (নাজিমউদ্দিন) ঘর থেকে বের হওয়ার পর ওসিকে জানিয়েছেন। তার পরও আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার কয়েক মিনিট আগে ঘটনা ঘটে যায়।’ লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান বলেন, ‘আমি ওনাকে (নাজিমউদ্দিন) বলেছিলাম, সেখানে আওয়ামী লীগের একটি জনসভা আছে, তিনি যেন অন্য এলাকায় যান। তিনি (নাজিমউদ্দিন) বিভিন্ন এলাকায় গিয়ে উসকানিমূলক বক্তব্য দেন, এ নিয়ে নানা জায়গায় সমস্যা হচ্ছে।’আরও সহিংসতা: এর আগে বুধবার রাতে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার রাতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে বিএনপির সমর্থকেরা জুয়েল নামের যুবলীগের এক কর্মীকে পিটিয়েছে। এর পর বিএনপির কর্মী মিরাজের বাড়িতে হামলা করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকেরা।জুয়েল ও মিরাজকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে মিরাজের ডান পা জখম হয়।তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আশফাক দেলোয়ার বলেন, ‘মিরাজের ক্ষতস্থান সেলাই করা হয়েছে। তবে জুয়েলকে নিয়ে আমরা চিন্তিত। তাঁকে বেধড়ক পেটানো হয়েছে।’এ ঘটনার জের ধরে পরদিন বুধবার রাতে তজুমদ্দিন বাজারে বিএনপির কার্যালয় ঘেরাও করতে যান ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। র‌্যাব তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।দুই প্রার্থীর সংবাদ সম্মেলন: গতকাল বিকেল চারটায় ভোলা সদর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন দাবি করেন, নির্বাচনী প্রচার শুরু থেকে এ পর্যন্ত তাঁর দলের ২০০ জন নেতা-কর্মীকে পিটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। নির্বাচন কমিশন ও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি বলেন, ‘আর দু-এক দিন দেখবেন, এরপর সিদ্ধান্ত নেবেন নির্বাচন করব কি করব না।এর ঘণ্টাখানেক পর আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হাফিজউদ্দিন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নাজিমউদ্দিন আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা গতকাল ফরাসগঞ্জের সাতানীবাজারে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মী সম্মেলনে অতর্কিতে হামলা চালিয়ে ২০ জনকে আহত করেছে। আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে বিএনপির সন্ত্রাসীরা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে।খালেদা জিয়ার বিবৃতি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল এক বিবৃতিতে বলেন, তাঁর দলের প্রার্থী ও কর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে এ উপনির্বাচনের পরিণতি এবং সরকারের অশুভ পরিকল্পনা সম্পর্কে জনমনে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী এলাকায় আওয়ামী সন্ত্রাসের আশঙ্কায় এর আগে বারবার সেনাবাহিনী মোতায়েনের জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু কমিশন এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, অবিলম্বে ভোলা-৩ আসনে সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও ভয়ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি না করা হলে এবং সরকার একতরফা নিজের স্বার্থে নির্বাচন করলে তাদের পতনের জন্য দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে। তোফায়েলের পাল্টা অভিযোগ: গতকাল আওয়ামী লীগের ঢাকার ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ অভিযোগ করেন, বিশেষ অবস্থা সৃষ্টির জন্য বিএনপি উসকানি দিচ্ছে। তাঁর দাবি, বিএনপির নেতা নাজিমউদ্দিন আলমের নেতৃত্বে গতকাল হামলা হয়েছে। পরে স্থানীয় জনগণ তাঁদের প্রতিহত করেছে।তোফায়েল আহমেদ ভোলা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, বিরোধী দল বিএনপি উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচনের আশ্বাস দিয়ে তিনি বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। এটা নির্বাচন কমিশনের ব্যাপার।সাধারণ ছুটি: ২৪ এপ্রিল উপনির্বাচনের দিন নির্বাচনী এলাকায় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।