নির্বাচনে অংশ নিতে পারবেন না মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ দেশটির আগামী সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন না। দেশটিতে আগামী ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে অংশ নিতে পাঁচ বছরের স্বেচ্ছা-নির্বাসন শেষে কিছুদিন আগে দেশে ফেরেন মোশাররফ।‘দ্য ডন’ জানায়, আজ মঙ্গলবার চিত্রল এলাকার আসনটিতে সাবেক এই সামরিক শাসকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর আগে আরও তিনটি নির্বাচনী এলাকায় মোশাররফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে মোশাররফের আইনজীবীরা জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির হাইকোর্টে আপিল করা হবে।‘ডন’ জানায়, আজ সকালে একটি নির্বাচনী আদালত মোশাররফের একটি আপিল আবেদন খারিজ করে দেন। এর আগে নির্বাচনী কর্মকর্তারা ইসলামাবাদ-১ আসনে মোশাররফের মনোনয়ন বাতিল করে দিলে, ওই সিদ্ধান্ত খারিজের আবেদন জানিয়ে আপিল করেছিলেন মোশাররফ। নির্বাচনী কর্মকর্তাদের বক্তব্য, সেনাশাসক হিসেবে ক্ষমতায় থাকার সময় মোশাররফ সংবিধান লঙ্ঘন করেছেন ও বিচারকদের বেআইনিভাবে গৃহবন্দী করে রাখেন। এ অভিযোগে মোশাররফের মনোনয়ন বাতিল করা হয়েছিল। লাহোরের এক নির্বাচনী আদালত মোশাররফের আরেকটি আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। কাসুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোশাররফ যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তা বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। এ সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়ে লাহোরের ওই আদালতে আপিল করেছিলেন মোশাররফ।নির্বাচনী আদালতের রায়ে বলা হয়, সাবেক এই প্রেসিডেন্ট তিনবার সংবিধান স্থগিত করেছিলেন। এ কারণে তিনি আগামী সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছেন।