নির্বাচনে আগ্রহ নেই সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর মেয়াদি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ১০ বছরেও হচ্ছে না। অন্য সব নির্বাচন নিয়ে সরব থাকলেও এ নির্বাচন নিয়ে সরকার চুপ। এ অবস্থায় গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগে বিভক্ত করতে আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, এখন নতুন আইন হলে ঢাকার দুটি সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগের কথা ভাবা হচ্ছে।মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক কারণে সরকার গত পৌনে তিন বছরেও ডিসিসি নির্বাচনের উদ্যোগ নেয়নি। পছন্দের প্রার্থীর সংকট এবং পরাজয়ের আশঙ্কায় সরকার এ নির্বাচনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে বলে জানা গেছে।সর্বশেষ ২০০২ সালের ২৪ এপ্রিলে ডিসিসি নির্বাচন হয়েছিল। ডিসিসির প্রথম বৈঠকের তারিখ ধরে ২০০৭ সালের ১৪ মে এ নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। অর্থাৎ পাঁচ বছরের জন্য নির্বাচনে জিতে টানা সাড়ে নয় বছর ধরে দায়িত্ব পালন করছেন মেয়র সাদেক হোসেন।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, ঢাকা সিটি করপোরেশন এখন অনেক বড় হয়ে গেছে। এ কারণে এটিকে দুটি করে নির্বাচন করার কথা ভাবা হচ্ছে। নির্বাচন পেছানোর এটিও একটি বড় কারণ বলে জানান তিনি।যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, সাড়ে চার বছর ধরে ডিসিসি নির্বাচন তামাদি হয়ে রয়েছে। একবার এ নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে জানানো হয়েছিল, ডিসিসিকে দুই ভাগে ভাগ করা হবে। এখন সেই আইন পাসের পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।ডিসিসির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর গত সাড়ে চার বছরে মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। কিন্তু ডিসিসি নির্বাচনের কোনো উদ্যোগ নেই।রাজনৈতিক নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, ডিসিসি এলাকায় বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো নাগরিক সমস্যাগুলো প্রকট। সরকার তিন বছরেও এসব সমস্যার সমাধান করতে পারেনি। উল্টো বিদ্যুৎ-সংযোগ বন্ধ রেখে, পরে সংযোগ দেওয়ার নামে শর্ত জুড়ে দিয়েছে এবং গ্যাস-সংযোগ দেওয়াও বন্ধ রাখা হয়েছে। রাজধানীজুড়ে রাস্তাঘাটের অবস্থাও করুণ। এসব কারণে নগরবাসীর ক্ষোভ বেড়েছে। সরকার মনে করছে, এসব সমস্যা ডিসিসি নির্বাচনে প্রভাব ফেলবে। এর বড় উদাহরণ চট্টগ্রাম। এসব নাগরিক সমস্যা সমাধান না করে নির্বাচন হলে সরকারি দলের মনোনীত প্রার্থী সমস্যায় পড়তে পারেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ডিসিসি নির্বাচন নিয়ে তাদের এখন কোনো চিন্তা নেই। নারায়ণগঞ্জের পর কুমিল্লা ও রংপুর, এরপর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। এ তিনটি সিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে।জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (স্থানীয় সরকার) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ডিসিসি নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার কথা অনেক আগেই তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন। নতুন করে তাঁরা এ নিয়ে ভাবছেন না। মন্ত্রণালয় এখন নতুন তিনটি সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ করছে। আগামী বছরের শুরুতে এ তিনটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেন, সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিসিসি নির্বাচন তারা এখন চায় না।আওয়ামী লীগের নেতারা জানান, আগামী বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার মোটামুটি সমাধান হবে। এটা হলে পানির সমস্যাও কমে যাবে। এ সময়ের মধ্যে গ্যাসের মজুদও বাড়বে। ফলে আগামী বছরের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংযোগে আর বাধা থাকবে না। তখন নির্বাচন হলে সরকারদলীয় প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবেন।মেয়র সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে নির্বাচন ঝুলিয়ে রাখা ঠিক না। দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন না করে সরকার প্রশাসক নিয়োগের উদ্যোগ নিলে তা হবে দুর্ভাগ্যজনক। একটি গণতান্ত্রিক সরকার এটা করতে পারে না।ফিরে দেখা: ১৯৯৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হানিফ মেয়র নির্বাচিত হন। এর দুই বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু তখনও মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নানা অজুহাতে আওয়ামী লীগ নির্বাচন দেয়নি। বিএনপি ক্ষমতায় এসে ২০০২ সালে নির্বাচন দেয়। কিন্তু এ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন।সাদেক হোসেনের মেয়াদ শেষ হয় ২০০৭ সালে। কিন্তু ওই সময় তত্ত্বাবধায়ক সরকার এসে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন দিলেও ঢাকায় নির্বাচন করেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে নির্বাচনের জন্য সীমানা পুনর্বিন্যাসের উদ্যোগ নিলে মামলা করা হয়। পরে আদালত রায় দেন, সীমানা পুনর্বিন্যাস না করেও নির্বাচন করা যাবে। এরপর সরকারের সবুজসংকেত না থাকায় নির্বাচন হচ্ছে না।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার সময়মতো নির্বাচন না হওয়ার বিষয়ে প্রথম আলোকে বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের প্রতিটি শাসনস্তরে নির্বাচিত প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সিটি করপোরেশনও এর ব্যতিক্রম নয়। সরকার মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর নির্বাচন না করে প্রশাসক নিয়োগের কথা ভাবলে তা হবে দুঃখজনক। নাগরিক সমস্যা বৃদ্ধির কারণে পরাজয়ের আশঙ্কায় সরকার নির্বাচন থেকে দূরে আছে বলে মনে করেন তিনি।আওয়ামী লীগে প্রার্থী সংকট: জানা গেছে, ডিসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে প্রার্থী সংকট রয়েছে। জনপ্রিয় প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে সংস্কারপন্থী বিবেচনায় দলীয় সমর্থন না দেওয়ার ব্যাপারে ব্যাপক আলোচনা আছে। এর বাইরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা বেশ দীর্ঘ হলেও মেয়র হিসেবে জিতে আসার মতো গ্রহণযোগ্য প্রার্থীর অভাব প্রকট। ফলে দলও কারও ওপর নির্ভর করে ঝুঁকি নিতে পারছে না। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে মেয়র পদের জন্য প্রার্থীর অভাব নেই। আর নির্বাচন হলে আওয়ামী লীগই জিতবে। কারণ শুধু ঢাকা শহর নয়, পুরো ঢাকা বিভাগের সব সাংসদ আওয়ামী লীগের।বিএনপির দুই প্রার্থী আলোচনায়: ডিসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান মেয়র সাদেক হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আলোচনায় আছেন। এ দুজনের মধ্য থেকেই বিএনপি মেয়র পদে দলীয় সমর্থন দেবে বলে জানা গেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, সরকারের জনপ্রিয়তায় ধস নামায় তারা নির্বাচন দিতে ভয় পাচ্ছে।ডিসিসি দুই ভাগ: গতকাল মন্ত্রিসভার বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।উত্তর ও দক্ষিণ নাম দেওয়া হচ্ছে রাজধানীর দুই সিটি করপোরেশনের। এক হাজার ৫৩০ বর্গকিলোমিটারের ঢাকা মহানগরকে ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণে বিভক্ত করা হবে। জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে থাকবে ৩৬টি ওয়ার্ড এবং দক্ষিণে থাকবে ৫৬টি ওয়ার্ড। ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ থেকে ২৩ নম্বর ওয়ার্ড, ৩৭ থেকে ৪৫ নম্বর ওয়ার্ড এবং ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হবে। দক্ষিণে ৫৬ ওয়ার্ডের মধ্যে থাকবে ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৬৬ এবং ৬, ৭, ৬৮ ও ৯২ নম্বর ওয়ার্ড।জানা গেছে, সংশোধিত আইনে সিটি করপোরেশনে প্রশাসকের বিধান রাখা হবে। তবে প্রশাসকের মেয়াদ কত দিন হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। আইনটি সংসদের আসন্ন অধিবেশনে পাসের জন্য উত্থাপিত হবে বলে জানা গেছে।