নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বশির
সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। ক্ষমতাসীন দলের ঊর্ধ্বতন এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এ কথা জানায়। এনসিপির ঊর্ধ্বতন নেতা রাবি আবদেলাতি বলেন, বশির ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে সংস্কারের অংশ হিসেবে তিনি এ ঘোষণা দেন।তবে সুদানের বিরোধী গোষ্ঠীগুলো বশিরের এ উদ্যোগকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। তারা বলছে, তিউনিসিয়া ও মিসরের মতো সুদানে গণ-অভ্যুত্থান ঠেকানোর অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন। ১৯৮৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে বশির সুদানে ক্ষমতা দখল করেন । গত বছরের এপ্রিল মাসে তিনি এক বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। তবে জ্বালিয়াতির অভিযোগে দেশটির বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছিল।সুদানের সংবিধান অনুসারে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখনো চার বছর বাকি রয়েছে। গত মাসে বশির ক্ষমতাসীন দলের তরুণ সদস্যদের এক সম্মেলনে ইঙ্গিত দেন যে এনসিপি সব রাজনৈতিক পদের বয়সসীমা ৬০ নির্ধারণ করলে তিনি অবসরে যাবেন।আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধ ও গণহত্যায় বশিরকে অভিযুক্ত করেছে। আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল।