নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না: ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতি মেনে নিয়েছে। নির্বাচন কমিশন সংশোধিত সংবিধানের আলোকেই আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে। এই লক্ষ্যে একটি পথনকশা (রোডম্যাপ) তৈরি হচ্ছে। তবে এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। আজ রোববার নির্বাচন কমিশনের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিশনের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। কমিশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ। সিইসির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। সাংসদদের পদ কি লাভজনক? জবাবে কমিশনার আবদুল মোবারক বলেন, ‘সাংসদেরা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে। ৬৬ অনুচ্ছেদ পড়ুন।’ কেউ কেউ মনে করছেন, সংবিধানের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিধান সাংঘর্ষিক। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যবস্থা নেওয়া হবে কি না? এই প্রশ্নের জবাবে আবদুল মোবারক বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সংবিধান এবং আইন মেনে নির্বাচন করা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতি মেনে নিয়েছে। মেনে না নিলে এত দিনে আদালতে অনেক মামলা হতো। কিন্তু কোনো মামলা হয়নি। সুতরাং বিদ্যমান সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ জুন সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। এর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। বিদ্যমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারে অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ ব্রিফিংয়ে শুরুতে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, কমিশনকে সামনে অনেক নির্বাচন করতে হবে। সে জন্য রোডম্যাপ তৈরি হচ্ছে। রোডম্যাপ অনুযায়ী প্রয়োজনীয় মালামাল কেনার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ এগিয়ে চলছে। নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের কাজও ঈদের পর শুরু হবে। অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে জনগণের আস্থা অর্জনে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে। সিইসি আরও জানান, সংসদ এবং উপজেলা নির্বাচন প্রায় একই সময়ে হবে। তবে উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে নাকি পরে হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।