নির্বাচনে জনগণ প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জনগণ যাতে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে, সে জন্য তাঁর সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারাবদ্ধ।আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে ডেনমার্কের ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী ক্রিশ্চিয়ান ফ্রিস ব্যাচ সাক্ষাত্ করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এসব কথা জানান। খবর বাসসের।অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে গণতন্ত্রের প্রথম শর্ত হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার তাঁর চার বছর তিন মাসে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেছে। এ সময়ের মধ্যে জাতীয় ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সরকার ও বিরোধী দলের প্রার্থী উভয়েই নির্বাচনে সমান সুযোগ-সুবিধা পেয়েছেন। এসব নির্বাচনে সরকারি দলের প্রার্থী পরাজিত হলেও আমরা ফলাফল মেনে নিয়েছি, যা গণতন্ত্রে স্বাভাবিক একটি বিষয়।’শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচনও একইভাবে অনুষ্ঠিত হবে। এতে জনগণ তাদের নিজস্ব প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবে। আমরা এ নির্বাচনের ফলাফলকে স্বাগত জানাব।’শেখ হাসিনা বলেন, ২০০৭ সালে ভোটার তালিকায় এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল। বর্তমানে এ ধরনের ভুয়া ভোটারের নাম নেই। প্রধানমন্ত্রী আরও বলেন, কষ্টার্জিত গণতন্ত্র শক্তিশালী করতে তাঁর সরকার জাতীয় সংসদের কার্যক্রমে বিরোধী দলের অংশগ্রহণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ লক্ষ্যে বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে। অনেক স্থায়ী কমিটিতে তাঁদের সভাপতিও নির্বাচিত করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে, তাঁরা জাতীয় সংসদের মূল অধিবেশনে যোগ দিচ্ছেন না। ডেনমার্কের মন্ত্রী আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের অনেক সাফল্য অর্জিত হয়েছে। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ-উজ-জামান এবং বাংলাদেশ সরকার ও ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।