নির্বাচনে দলনিরপেক্ষ সরকার চাইলেন কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচনের সময়ে স্বাধীন নির্বাচন কমিশনের পাশাপাশি একটি দলনিরপেক্ষ সরকারের দাবি করেছেন। আর গ্রহণযোগ্য নিরপেক্ষ সরকারের রূপরেখা ঠিক করতে জাতীয় সংলাপেরও আহ্বান জানিয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। গতকাল শনিবার বিকেলে আয়োজিত ‘জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য’র সমাবেশে তিনি এই আহ্বান জানান। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীন পুলিশ, প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যম নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। আমরা ১৯৮৬, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এর প্রমাণ দেখেছি। এসব বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে।’গতকালের সমাবেশ মঞ্চের ব্যানারে দুটি দাবি সুনির্দিষ্টভাবে লেখা ছিল। একটি হলো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। দ্বিতীয়টি, মানবতাবিরোধী অপরাধীদের সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের দাবি। সমাবেশে রাজনীতিবিদদের পাশাপাশি অর্থনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী সম্প্রদায়ের প্রতিনিধি, লেখক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল।আর প্রায় সব বক্তার মতো সমাবেশের সভাপতি ড. কামাল হোসেনও দাবি করেন, দুই দলের রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত আচরণের জন্য দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল ও ধ্বংস হয়ে চলেছে। রাজনৈতিক দলগুলো জনগণকে প্রতিনিধিত্ব না করে নিজেদের ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীস্বার্থের প্রতিনিধিত্ব করছে।এর উদাহরণ হিসেবে কামাল হোসেন বলেন, ‘আমার ছাত্ররা কেউ কেউ এখন সাংসদ হয়েছে। ছাত্র থাকাকালে এরা বেশ কথা বলত। কিন্তু সাংসদ হওয়ার পর তাদের মুখ বন্ধ হয়ে গেছে। কেন কথা বলে না, তা জিজ্ঞেস করলে বলে, “বুঝছেন তো।” আমি বলি, কিছুই তো বুঝি না। আসলে “বুঝছেন তো”-এর অর্থ হলো, বোবা না হলে পরের বার আর সাংসদ হওয়ার টিকিট পাওয়া যাবে না, বিদেশে যাওয়া যাবে না, কোনো সুযোগ পাওয়া যাবে না।’দুই বড় দলের সমালোচনা শোনা যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের মুখেও। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন করে তর্কশাস্ত্র লিখতে হবে। এরা তর্কশাস্ত্রের কোনো নিয়ম মানে না। বিরোধী দলে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে, আর সরকারে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। এই ব্যবস্থা কেউ তুলে দিতে চাইলে তাদের পবিত্র দায়িত্ব ছিল নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ করা। আকবর আলি খান আরও বলেন, বাংলাদেশের সব উন্নতির মূলে আছেন এ দেশের সৃজনশীল গরিব মানুষ। বাংলাদেশের অমিত সম্ভাবনা ঠেকিয়ে রেখেছে ক্ষমতাপ্রিয় শিক্ষিতরা। তাদের সব অপকর্ম সত্ত্বেও এ দেশের প্রবৃদ্ধি প্রাণচাঞ্চল্য রয়েছে।প্রধান দুই দলের এখন যে দূরত্ব, তাতে এদের ভেতর সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করেন সমাবেশের বক্তা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন, সাপকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে করা যায় না। আবার শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রীর মাথায় সাপের ঝাঁপি। এমন অবস্থায় এদের মধ্যে সংলাপ হবে না, হবে সাপের লড়াই। দুই নেত্রীকে উদ্দেশ করে মাহমুদুর রহমান বলেন, ‘আপনারা ভালো হয়ে যান, নয়তো জনগণকে সঙ্গে নিয়ে যাতে ভালো হন, তার ব্যবস্থা করব।’দুই দলের রাজনীতি সংঘাতময় হয়ে ওঠার প্রধান কারণ নির্ণয় করতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, কয়েক দশক ধরে হালুয়া-রুটির রাজনীতির ধান্দা করতে গিয়েই এই অবস্থা হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর সহযোগীরা এই অপরাজনীতি করেননি বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।গণফোরামের মহাসচিব মোস্তফা মহসীন মন্টুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা সুব্রত চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।