আ.লীগের কর্মশালা তৃণমূল নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ
নির্বাচনে দলের ভাগ্য নির্ভর করবে নেতা-কর্মীদের কাজের ওপর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘নেতা-কর্মীদের কর্মকাণ্ডের ওপর আগামী নির্বাচনে দলের ভাগ্য নির্ভর করবে। আমাদের কার্যক্রমের কারণে যদি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসে, তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হবে।’সৈয়দ আশরাফ তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা সঠিক পথেই যাচ্ছি। সে পথ থেকে বিচ্যুত না হতে এলাকায় গিয়ে তা নেতা-কর্মীদের বোঝাতে হবে।’গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রচার-প্রকাশনা এবং তথ্য-গবেষণা সম্পাদকদের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। গত শুক্রবার গণভবনে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আশরাফ দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগ দুর্নীতিকে ঘৃণা করে এবং আইনের শাসনে বিশ্বাস করে। আওয়ামী লীগের নামে কেউ দুর্নীতিতে যুক্ত হলে এবং আইন ভাঙলে মানুষের বিশ্বাসে আঘাত আসে। তাই কারও সামান্য স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগের ওপর মানুষের বিশ্বাস নষ্ট করা যাবে না। সৈয়দ আশরাফ আরও বলেন, আওয়ামী লীগের আদর্শের সঙ্গে দেশের মানুষের বিশ্বাস ও আস্থা জড়িত। আওয়ামী লীগের ওপর মানুষ আস্থা হারালে বা আওয়ামী লীগ ব্যর্থ হলে যারা দেশকে পাকিস্তানের ভাবধারার জঙ্গিবাদী, অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চান, সে ধরনের দেশ প্রতিষ্ঠা হবে। দেশের ভবিষ্যৎ আওয়ামী লীগের ওপর নির্ভর করে। আওয়ামী লীগ এই দায়িত্ব নিতে চায়। নেতা-কর্মীদেরও সেভাবেই তৈরি হতে হবে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তথ্য-গবেষণা ও প্রচার কার্যক্রম সব দল বা সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা একদিন করলেই হবে না। অব্যাহত চেষ্টা করতে হবে।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। সকাল নয়টায় সমাপনী দিনের কর্মশালা শুরু হয়। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নূহ-উল-আলম লেনিন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল আলাদা আলাদা তিন পর্বে রুদ্ধদ্বার কক্ষে কর্মশালার উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপন্থা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। সর্বশেষ পর্বে প্রথম তিন পর্বের পর্যালোচনা করা হয়।তৃণমূল নেতাদের প্রতি পরামর্শ: বৈঠক সূত্রে জানা গেছে, কর্মশালায় কেন্দ্রীয় নেতারা ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বেদনায় তৃণমূল নেতারা যাতে দলের বিরুদ্ধে বিষোদ্গার না করেন, সে পরামর্শ দেন। বিরোধী দলের সরকারের নানা কাজ এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা দেওয়ার বিষয়টি ফলাও করে প্রচার করার উপদেশ দেওয়া হয়।কর্মশালা শেষে চট্টগ্রাম অঞ্চলের এক তথ্য ও প্রচার সম্পাদক জানান, উদ্বোধনী দিন অনেক তৃণমূল নেতা প্রধানমন্ত্রীর কাছে দলীয় লোকদের নেতিবাচক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। গতকালের কর্মশালায় সরকারের ভালো কাজগুলো প্রচার করার কথা বলা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হত্যা, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনাও প্রচার করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। দলের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য, ছবি ও প্রকাশনা তৃণমূলে সরবরাহ করা হবে বলে জানানো হয়। সিলেট অঞ্চলের এক তৃণমূল নেতা জানান, দলের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ আছে, সেগুলো কর্মশালায় তুলে ধরা হয়েছে।