নির্বাচনে নামার পরিকল্পনা নেই হিলারির
সব গুজব উড়িয়ে দিয়ে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তাঁর নেই। বর্তমান মেয়াদ ভালোভাবে শেষ করাই এখন তাঁর চিন্তা। গতকাল মঙ্গলবার সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি ক্লিনটন এসব কথা বলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে প্রশ্ন করা হলে হিলারি বলেন, ‘আমার আসলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। এখন আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার মেয়াদ শেষ করার চেষ্টা করছি।’হিলারি বলেন, ‘ভবিষ্যতে আমি কী করব, তার সবকিছু জানি না। তরুণী ও নারীদের জন্য কাজ করব। লেখালেখি ও বক্তার কাজ চালাব বলে আশা করছি। এগুলোই আমার পরিকল্পনা।’তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব শেষে সময় কাটানো নিয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করেছেন কর্মপ্রিয় হিলারি। তিনি বলেন, আসছে সোমবার থেকে শুরু হওয়া তাঁর নতুন জীবনের অনুষঙ্গ কী হতে যাচ্ছে, তা তিনি জানেন না। কারণ তাঁর হাতে কোনো কাজ নেই।হিলারি বলেন, ‘আমি জানি না। আমার জীবনজুড়ে ছিল এটাই। মানে, ১৩ বছর বয়স থেকেই তো কাজ করছি। যখন স্কুলে ছিলাম, তখনো কাজ করেছি।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবসর জীবনে মানিয়ে নেওয়ার জন্য কী করা উচিত, তা জানার জন্য তিনি তাঁর অবসরে যাওয়া বন্ধুদের পরামর্শ নিচ্ছেন। হিলারি বলেন, ‘আমার খুব জানার ইচ্ছা, যখন ঘুম থেকে উঠে দেখব আমার কোথাও যাওয়ার নেই, কোনো সমস্যা নিয়ে কোনো নেতাকে হন্তদন্ত হয়ে ফোন করার কিছু নেই, তখন কেমন লাগে। এটা নিয়ে কথা বলা এবং করণীয় ঠিক করাটা এক মজার ব্যাপার।’পরিবার নিয়ে করা প্রশ্নের জবাবে হিলারি বলেন, তাঁর মেয়ে (চেলসি) সরকারি চাকরি করতে চায়। তবে সে কীভাবে তা করবে, সেটি হিলারি জানেন না। তিনি বলেন, ‘আমার মনে হয় ও মূলত জনসেবাই করবে। হারিকেন স্যান্ডির পর সে আমাদের ফাউন্ডেশন ও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের পক্ষ থেকে ব্যাপক কাজ করেছে।’ হিলারি আরও বলেন, স্বামী বিল ক্লিনটনের সমাজসেবার কাজেও তিনি মুগ্ধ।