নির্বাচনে পরাজয়কে ভয় পাই না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে গণতন্ত্রই প্রথম কথা। জনগণ অবাধে ও যথাযথভাবে তাদের ভোট প্রদান করতে পারলে নির্বাচনে জয়-পরাজয় যে ফলই হোক না কেন, আমি তা মেনে নিতে প্রস্তুত।’আজ বুধবার পুলিশ সপ্তাহ-২০১২ উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।নির্বাচনে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে আমরা পরাজয়কে ভয় পাই না। আমরা কেবল জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আর আপনাদের দায়িত্ব হচ্ছে ভোটারদের জন্য অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা।’পুলিশের প্রতি গণতন্ত্র শক্তিশালীকরণে অব্যাহত সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এবং সম্পদের প্রাপ্যতা অনুযায়ী পুলিশ বাহিনীর সুযোগসুবিধা বৃদ্ধিতে পর্যায়ক্রমে সব ব্যবস্থা নেবে।প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূলে রাখায় এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ-বিরোধী তত্পরতার মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করায় পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, ‘আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় অনেক বাধাবিপত্তি সত্ত্বেও আমরা উন্নয়ন কর্মসূচি চালিয়ে যেতে সক্ষম হচ্ছি।’ তিনি আরও বলেন, বিশ্বসম্প্রদায় এখন বাংলাদেশকে জঙ্গি আখড়ার পরিবর্তে উন্নয়নের মডেল হিসেবে বিবেচনা করে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও পুলিশ সুপার কামরুল হাসান বক্তব্য দেন। অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুল হক ধন্যবাদ জানান।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।দেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল অবশ্যই তাদের রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে। কিন্তু শান্তি বিনষ্টের যেকোনো উদ্যোগ কঠোরভাবে প্রতিহত করতে হবে।পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশের ‘ঝুঁকি-ভাতা’ বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী পুলিশের তদন্ত করার ক্ষমতার প্রশংসা করে বলেন, এই বাহিনী তারেক জিয়াসহ বিভিন্ন মানি লন্ডারিং মামলা তদন্তে দক্ষতার প্রমাণ রেখেছে। তিনি বলেন, রাঘব-বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে আর কেউ লুট করা অর্থ বিদেশে পাঠানোর সাহস দেখাবে না।সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করতে চায় না।