নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী মোতায়েন চায় বিএনপি
জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধান চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। এ ছাড়া বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করার এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে কমিশনের প্রকাশিত খসড়া বাতিলের দাবিও জানানো হয়েছে এই চিঠিতে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তিন পৃষ্ঠার এই চিঠি গতকাল বুধবার বেলা ১১টার দিকে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ও সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ নির্বাচন কমিশনার আবদুল মোবারকের হাতে দেন।আবদুল মোবারক সাংবাদিকদের জানান, বিএনপির প্রস্তাব বিবেচনায় নিয়ে কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত তাদের জানানো হবে।চিঠি দিয়ে কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সময় সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু বিএনপি মনে করে, সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে জন্য নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।এর আগে ২০০১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়। তবে আওয়ামী লীগের আপত্তির কারণে পরে সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা বাতিল করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীর নাম বাদ দেওয়া হয়। এর পর থেকে পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য নিয়মিত বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করছে।সালাহ উদ্দিন আহমদ বলেন, সরকারের নির্দেশে এবং সরকারদলীয় সাংসদদের স্বার্থ রক্ষা করে কমিশন সংসদীয় আসনের সীমানা বিন্যাস করে খসড়া প্রকাশ করেছে। বিএনপি এই বিন্যাস মানে না। বিএনপি আইন অনুযায়ী প্রশাসনিক একক, আঞ্চলিক অখণ্ডতা, জনসংখ্যার বিন্যাস এবং যোগাযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আসনের সীমানা বিন্যাস করতে বলেছে। তিনি জানান, চিঠিতে বাদ পড়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি ভোটারের হদিস পাওয়া যাচ্ছে না। এর কারণ, ভোটার তালিকা হালনাগাদের কাজ সুষ্ঠু হয়নি।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে কমিশন গঠনের পর এই প্রথম প্রধান বিরোধী দল বিএনপি আনুষ্ঠানিকভাবে কমিশনে এল। এর আগে বিএনপি বলেছিল, দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া কমিশনের সঙ্গে তারা কোনো আলোচনায় বসবে না। দলটি কমিশনের আরপিও সংশোধন এবং সীমানা বিন্যাস-সম্পর্কিত সংলাপও বর্জন করে।এ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, কমিশন গঠন নিয়ে বিএনপির আপত্তি এখনো আছে। দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।সংসদীয় আসনের সীমানা বিন্যাসের খসড়ার ব্যাপারে দাবি-আপত্তি জমা দেওয়ার সময়সীমা ১০ মার্চ পার হয়েছে। এ সম্পর্কে সালাহ উদ্দিন বলেন, এই সময়সীমা কমিশনের নিজস্ব। জনগণের জন্য কোনো সময়সীমা থাকে না।নির্বাচন কমিশনার আবদুল মোবারক নির্বাচন কমিশনে বিএনপির আগমনকে ইতিবাচক উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি আইন প্রয়োগকারী সংস্থায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। বিষয়টি অবশ্যই কমিশন বিবেচনা করবে। তবে সীমানা বিন্যাস এবং ভোটার তালিকার বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেনি। তাদের অভিযোগ সার্বিক। বাদ পড়ারা নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেকোনো সময়ে ভোটার হতে পারবেন। তিনি বলেন, বিএনপির অভিযোগ রাজনৈতিক, তাই তা রাজনৈতিকভাবেই দেখা হবে।