নির্বাচনে বড় পরাজয়, তার পরও পুরস্কার!
ছাত্রজীবনে তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। পরবর্তীকালে স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিগত সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর ও রামু) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সাইমুম সরওয়ার ওরফে কমল। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান। এমনকি নিজ উপজেলা রামুতে তাঁর অবস্থান ছিল তৃতীয়। স্থানীয় রাজনীতিতে নিজের বড় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আলোচিত। বিগত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান এক লাখ ২১ হাজার ভোট পান। সাইমুম সরওয়ার পান ৮৬ হাজার ভোট। বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী এবং এ আসনের সাবেক সাংসদ মো. সহিদুজ্জামান পান ৬৫ হাজারের বেশি ভোট। গণজোয়ারের সময়ে নির্বাচনে পরাজিত হলেও দল থেকে পুরস্কার পান তিনি। সরকার তাঁকে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়।এলাকাবাসী জানান, পরিবেশ ও বনমন্ত্রী মো. হাছান মাহমুদের সঙ্গে সখ্যের কারণেই দলে তিনি বিশেষ গুরুত্ব পান। সাইমুম সরওয়ারের পিতা প্রয়াত ওসমান সরওয়ার আলম চৌধুরী ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবেই ২০০৮ সালের নির্বাচনে তিনি ও তাঁর বড় ভাই সোহেল সরওয়ার ওরফে কাজল কক্সবাজার সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান। বড় ভাই রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুই ভাইয়ের মনোনয়ন দাবিকে কেন্দ্র করে রামুর আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। সাইমুম সরওয়ার দলীয় মনোনয়ন পেলে তাঁর বিরোধিতা করেন বড় ভাই সোহেল সরওয়ার। জেলা পর্যায়েও দলীয় নেতাদের বিরোধিতার সম্মুখীন হন তিনি। দলীয় নেতা-কর্মীদের এ বিভক্তির মাঝে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪৫ হাজার ভোটের ব্যবধানে হেরে যান তিনি। সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে রামু থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হন বড় ভাই সোহেল সরওয়ার। যদিও ওই নির্বাচনে সাইমুম সরওয়ার ভাইয়ের পক্ষে অবস্থান নেননি। অভিযোগ রয়েছে, হাইকোর্টের নির্দেশে গত বছর কক্সবাজারের নির্বাহী হাকিম সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে সাইমুম সরওয়ার এবং কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বাধা দেন। এতে উচ্ছেদের কাজ বন্ধ করে দিয়ে ফিরে যান নির্বাহী হাকিম। এ প্রসঙ্গে সাইমুম সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘কক্সবাজার পৌরসভা নির্বাচনের মাত্র দুই দিন আগে প্রশাসন সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায়। সৈকত এলাকায় সরকারি খাসজমিতে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। আমরা ম্যাজিস্ট্রেটকে বলেছি নির্বাচনের পরেই উচ্ছেদের কাজ করতে। এ কথা শোনার পর তিনি ফিরে যান।’রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার প্রথম আলোকে বলেন, বিগত নির্বাচনে মাঠপর্যায়ে পাঁচজনের তালিকায়ও সাইমুম সরওয়ারের নাম ছিল না। কিন্তু একজন মন্ত্রীর কৌশলী ভূমিকার কারণে দলীয় মনোনয়ন পান। প্রকৃতপক্ষে দলীয় প্রার্থীর নির্বাচনী তৎপরতা না থাকায় বিএনপির দুজন প্রার্থী থাকা সত্ত্বেও তিনি জিততে পারেননি।