নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী অপরাধ আমলে নিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক ক্ষমতা বাড়াতে সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর সরকার এ সুপারিশকে ইতিবাচকভাবে নিয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, বাস্তবতার নিরিখে নির্বাচনী অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়াতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। তাঁর মতে, প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শুনানির সুযোগ দিলে নির্বাচনী অপরাধ বাড়বে।বিদায়ের আগে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন গত ফেব্রুয়ারি মাসে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের যে প্রস্তাব করেছে, তাতে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়।বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, অধিকাংশ নির্বাচনী অপরাধের সাজার মেয়াদ তিন থেকে সাত বছরের কারাদণ্ড। এ বিধান বহাল থাকলে নির্বাচনকালীন অপরাধ বিচারের জন্য আমলে নিতে পারবেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। তাই ইসির নতুন প্রস্তাবে, অধিকাংশ নির্বাচনী অপরাধের দণ্ডের মেয়াদ কমিয়ে দুই বছর করতে বলা হয়েছে।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনী অপরাধসংক্রান্ত আইন প্রয়োগযোগ্য করতে এ সুপারিশ করা হয়েছে।তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এ সুপারিশ বাস্তবায়িত হলে সরকার তার অনুসারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত গঠন করে ভোটের সময় বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি ও নির্বাচন প্রভাবিত করবে। এরই মধ্যে গত বছর হরতালেও বিরোধী দলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার করা হয়েছে। তাঁর মতে, নির্বাচনসংক্রান্ত অপরাধের বিচারের এখতিয়ার ভ্রাম্যমাণ আদালতকে দেওয়া ঠিক হবে না। ইসি এ প্রস্তাব এমন সময়ে দিয়েছে, যখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোনো ব্যক্তিকে সাজা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন বিচারাধীন। গত বছরের ১৯ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কেন সংবিধান পরিপন্থী হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। আইন ও স্বরাষ্ট্রসচিবকে রুলের জবাব দিতে বলা হয়। রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, রুলটি চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।ইসির প্রস্তাবের সমালোচনা করে সংবিধান বিশেষজ্ঞ এম আমীর-উল ইসলাম বলেন, এ ধরনের আইন হলে তা সংবিধানের অষ্টম সংশোধনী ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে মাসদার হোসেন মামলাসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী হবে।আগে ভ্রাম্যমাণ আদালত শুধু অর্থদণ্ড দিতে পারতেন। বর্তমান সরকার নতুন আইন (মোবাইল কোর্ট আইন, ২০০৯) ভ্রাম্যমাণ আদালতকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়ার ক্ষমতা দিয়েছে। এখন বিভিন্ন নির্বাচনী অপরাধের শাস্তি কমিয়ে দুই বছর করা হলে নির্বাচনের সময়ও ভ্রাম্যমাণ আদালত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।