নির্বাচনে যাচ্ছে বিএনপি, তবে প্রার্থী ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশনেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে গত রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও প্রার্থীচূড়ান্ত করতে পারেনি দলটি।প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। খালেদা জিয়া চট্টগ্রামের প্রভাবশালী দুই নেতা মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে রাত সোয়া একটা পর্যন্ত বৈঠক করেন। এর আগে কয়েক দফা আলোচনার পরও মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করতে পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী নেতারা। বড় নেতাদের কেউই এখন পর্যন্ত নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবেও ঘোষণা দেননি। গতকাল রোববার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম থেকে ডেকে আনা হয়।তিনি রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম থেকে এসে সরাসরি গুলশানের কার্যালয়ে বৈঠকে যোগ দেন। সূত্র জানায়, এই নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার বিষয়টি একরকম চূড়ান্তই ছিল। কিন্তু প্রার্থিতা নিয়ে হঠাৎ জটিলতার কারণে দলটি দ্বিধায় পড়ে। কারণ চট্টগ্রামে বিগত দুটি সিটি নির্বাচনে মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের পরাজয়ের পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করা হয়। সর্বশেষ নির্বাচনের সময় বিএনপি ক্ষমতাসীন ছিল। বৈঠক শেষে রাতে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়র পদে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত নেওয়ার ভার চেয়ারপারসনের ওপর ন্যস্ত করা হয়েছে।গত রাতের বৈঠকের আগে স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, নির্বাচনে না যাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। সুষ্ঠু ভোট গ্রহণে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও নির্বাচন প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। তিনি বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি কাকে নির্বাচনে সমর্থন জানাবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে।প্রভাবশালী নেতারা প্রার্থিতা ঘোষণা করেননি: বিগত কয়েকটি নির্বাচনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি মেয়র পদে নির্বাচন করেছেন। কিন্তু এবার মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রার্থী হতে চান না বলে দলীয় চেয়ারপারসনকে জানিয়েছেন। বিগত দুটি মেয়র নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মীর নাছিরউদ্দিনও এবার প্রার্থী হচ্ছেন না। অপর প্রভাবশালী নেতা আবদুল্লাহ আল নোমান প্রার্থী হবেন, এমনটা জানাননি। বিষয়টি তিনি দলীয় সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন।মহানগরের রাজনীতিতে অতটা প্রভাবশালী নন, এমন কয়েকজন নেতা প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এঁরা হলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম উত্তরের নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র দস্তগীর চৌধুরী ও এম মঞ্জুরুল আলম। তবে গতরাতের বৈঠকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র মঞ্জুরুল আলম ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খালেদা জিয়ার নির্দেশে সম্প্রতি ঢাকায় বিএনপির চট্টগ্রামের নেতারা বৈঠক করেন। বৈঠকে আবদুল্লাহ আল নোমান ছাড়া মহানগরের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন। বৈঠকের সভাপতি আমীর খসরু প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রামের নেতারা চেয়ারপারসনের কাছে একটি সুপারিশ দিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সব নেতাই ইতিবাচক মত দিয়েছেন। তবে কাউকে প্রার্থী করার বিষয়ে সুপারিশ করা হয়নি। এটা বিএনপির নীতিনির্ধারকেরা ঠিক করবেন।’ঢাকার মহাসমাবেশ সফল করা নিয়ে আলোচনা: বৈঠক সূত্র জানায়, মহাসমাবেশ থেকে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা, তা গতকালও চূড়ান্ত হয়নি। তবে কমিটি সিদ্ধান্ত নিয়েছে আপাতত হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে না। জাতীয় ইস্যুতে বিক্ষোভ, লংমার্চ ও মহাসড়কে মানববন্ধনের মতো কর্মসূচি নিয়ে এগোবে বিএনপি। আঞ্চলিক ইস্যুতেও একই রকম কর্মসূচি দিয়েআন্দোলন করবে দলটি।