নির্বাচনে লড়বেন ক্যাপরিলেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ডানপন্থী বিরোধী জোটের নেতা হেনরিক ক্যাপরিলেস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। আগামী ১৪ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।৪০ বছর বয়সী হেনরিক ক্যাপরিলেস পেশায় একজন আইনজীবী এবং তিনি মিরান্ডা রাজ্যের গভর্নর। তিনি তাঁর রাজনৈতিক নীতিমালাকে ‘মধ্যপন্থী’ ও ‘মানবতাবাদী’ বলে আখ্যায়িত করেন। গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের বিপরীতে ৪৪ শতাংশ ভোট পেয়েছিলেন ক্যাপরিলেস।গতকাল টেলিভিশনে দেওয়া বক্তব্যে ক্যাপরিলেস বলেন, ‘আমার লড়াই প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়, এ লড়াই ভেনেজুয়েলার জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।’ এ সময় তিনি অভিযোগ করেন, নিকোলা মাদুরোকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে ক্ষমতাসীন বামপন্থী দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসইউভি)।গত শুক্রবার মাদুরো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর তা প্রত্যাখ্যান করেছে বিরোধী জোট ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডটেবিল (এমইউডি)। তাদের দাবি, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অবর্তমানে দেশটির জাতীয় পরিষদের স্পিকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা। তবে মৃত্যুর আগে মাদুরোকে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন চাভেজ।