নির্বাচনে লড়তে নিবন্ধন চাভেজের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে গতকাল সোমবার নিবন্ধন করেছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।এই নিয়ে চাভেজ তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। নিবন্ধন শেষে রাজধানী কারাকাসে নির্বাচনী দপ্তরের বাইরে তিনি হাজার হাজার সমর্থকের সমাবেশে যোগ দেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গত এক বছরের মধ্যে এটা ছিল তাঁর সবচেয়ে বড় সমাবেশ।জাতীয় পোশাকে একটি ট্রাকে চড়ে চাভেজ সমাবেশ স্থলে যান। তাঁকে বেশ সুস্থ বলে মনে হয়েছে। সমর্থকদের সামনে তিনি নাচ-গান করেন।নিবন্ধন শেষে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে চাভেজ বলেন, ‘আমি যখন কিউবায় ছিলাম, বারবার জনগণের কাছে আমার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। এই সময়ে আমরা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের শিকার হয়েছি।’গত রোববার চাভেজ বলেন, সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, তিনি এখন সুস্থ এবং আগামী ৭ অক্টোবরের নির্বাচনে লড়াইরে জন্য পুরোপুরি প্রস্তুত।এদিকে চাভেজের প্রধান প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলেস গত রোববার ৩০টির বেশি দলের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে নিবন্ধন করেছেন।