নির্বাচনে লড়বেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি দেশটির পার্লামেন্টের আসন্ন উপনির্বাচনে লড়বেন। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়ান উইন আজ সোমবার এ কথা জানিয়েছেন।নিয়ান উইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘অং সাং সু চি উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী। অবশ্য তিনি ঠিক কোন এলাকা থেকে নির্বাচন করবেন, তা এখনই বলা যাচ্ছে না।’গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন, আগামী মাসের শুরুর দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে মিয়ানমার যাবেন। ওবামা একই সঙ্গে বলেন, মিয়ানমার গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার পরপরই মিয়ানমারের আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সু চি।মিয়ানমারে ১৯৬২ সালের সেনা অভ্যুত্থানের পর এই প্রথম এত বড় মাপের কোনো মার্কিন নেতা দেশটিতে সফর করবেন। হিলারি ক্লিনটন তাঁর দুই দিনের মিয়ানমার সফরের সময় সু চির সঙ্গেও সাক্ষাত্ করবেন। যুক্তরাষ্ট্র মনে করে, বিশ্বাসযোগ্য নির্বাচন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, রাজবন্দীদের মুক্তি, রাজনৈতিক সংস্কার ও দেশটির ক্ষুদ্র জনগোষ্ঠীদের প্রতি ভালো আচরণই মার্কিন অবরোধের সমাপ্তি ঘটাতে পারে।১৯৯০ সালের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হলেও দেশটির সেনাশাসকেরা তাঁকে ক্ষমতা থেকে বঞ্চিত করে। এরপর দীর্ঘ দুই দশক আর কোনো নির্বাচনে অংশ নিতে পারেননি শান্তিতে নোবেল জয়ী সু চি। এমনকি গত বছর মিয়ানমারের সেনাশাসকেরা সু চির দলের নির্বাচনী নিবন্ধন বাতিল করে দেয়। তবে গতকাল শুক্রবার সু চির দল সর্বসম্মতভাবে নির্বাচন কমিশনে নিবন্ধনের পক্ষে ভোট দেয়।গত ২১ বছরের মধ্যে তিনি ১৫ বছরই বন্দীজীবন কাটিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত বছর দেশটির সেনা কর্তৃপক্ষ সু চিকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেয়।