নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেষ্টা চালাবে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘ তার অবস্থান থেকে চেষ্টা চালাবে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় খালেদা জিয়া জাতিসংঘের মহাসচিবের কাছে যুদ্ধাপরাধীদের বিচারের দুর্বলতা তুলে ধরেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। বৈঠকে খালেদা জিয়া আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের মহাসচিবকে ভূমিকা রাখার আহ্বান জানান। শমসের মবিন বলেন, বৈঠকে খালেদা জিয়া জাতিসংঘের মহাসচিবকে বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র হোঁচট খাচ্ছে। এর কারণ, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করা। এ অবস্থায় আগামী নির্বাচনে সব দল অংশ না-ও নিতে পারে। খালেদা জিয়ার এই আশঙ্কা আমলে নিয়ে বান কি মুন বলেছেন, জাতিসংঘ তার অবস্থানে থেকে নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য চেষ্টা করবে। দলগুলোর সঙ্গে আলোচনা করে পরিবেশ তৈরি করবে। চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বান কি মুন খালেদা জিয়াকে বলেছেন, জাতিসংঘ যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানের হোক, সেটাই চায়। বান কি মুন খালেদা জিয়ার কাছে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁর দলও যুদ্ধাপরাধীদের বিচার চায়। এই প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানের হয়, সেটা তাঁদেরও চাওয়া। বিচার যেন এমন হয়, যেখানে অভিযুক্ত ব্যক্তিরা সুবিচার পাবে, তাদের ওপর যেন অবিচার না হয়। শমসের মবিন জানান, খালেদা জিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু দুর্বলতা লিখিতভাবে মুনের কাছে তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক মানের কথা বলা হলেও অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে কোনো বিদেশি আইনজীবীকে শুনানিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন বান কি মুন।বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ।