নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে সংঘাত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশে সংঘাত সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কার্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে এরশাদ তাঁর এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। বিভিন্ন দল থেকে নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।অনুষ্ঠানে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের বিকল্প নেই। তবে সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, না হলে দেশে সংঘাত সৃষ্টি হবে। তিনি বলেন ‘কোনো জোটে নয়, জাতীয় পার্টি সব সময় এককভাবে নির্বাচন করেই লাভবান হয়েছে। তাই আগামীতে এককভাবেই নির্বাচন করবে।’ এরশাদ আরও বলেন, মহাজোটের সঙ্গে গত নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসন সংখ্যা কমেছে। বর্তমান সরকারও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আগামী নির্বাচনে অবশ্যই পরিবর্তন আসবে। অনুষ্ঠানে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিকী, যোগদানকারী নেতা সাইফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।