নির্বাচনে সব দলের অংশগ্রহণে জাতিসংঘ চেষ্টা চালাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জাতীয় নির্বাচনে সব দল যাতে অংশ নেয়, তা নিশ্চিত করতে জাতিসংঘ চেষ্টা চালাবে। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে নির্বাচন সুষ্ঠু হতে হবে। আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান।সাক্ষাতে খালেদা জিয়া বলেন, বাংলাদেশে গণতন্ত্র হোঁচট খাচ্ছে। তিনি বলেন, সরকার গণতন্ত্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সে ক্ষেত্রে আগামী নির্বাচনে সব দল অংশ নাও নিতে পারে। তিনি এ ব্যাপারে সহযোগিতা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব মুন খালেদা জিয়াকে এ ব্যাপারে আশ্বস্ত করেন।বান কি মুন বলেন, জাতিসংঘ মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। কিন্তু সেটা আন্তর্জাতিক মানের হতে হবে। তিনি এ ব্যাপারে বিএনপির অবস্থান কী, তা খালেদা জিয়ার কাছে জানতে চান। জবাবে খালেদা জিয়া মুনকে বলেন, বিএনপিও মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। কিন্তু বিচার এমন হতে হবে, যাতে প্রকৃত অপরাধীরা শাস্তি পায়। সৌজন্য সাক্ষাতে খালেদা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কিছু ত্রুটি লিখিতভাবে মুনকে দেন। সেখানে বলা হয়, ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বলা হলেও বিচারের শুনানিতে বিদেশি কোনো আইনজীবীকে ঢুকতে দেওয়া হচ্ছে না।