নির্বাচনে সব দলের অংশগ্রহণের সংস্কৃতি গড়ে ওঠেনি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ‘আমরা চাই সব দল নির্বাচনে অংশ নেবে। দুঃখজনক হলো, নির্বাচনে অংশ নেওয়ার এই সংস্কৃতি আমাদের রাজনীতিতে এখনো গড়ে ওঠেনি।’গাজীপুর-৪ আসনের ভোট গ্রহণ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় আজ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, ‘একটি বড় বিষয়কে কেন্দ্র করে দুই প্রধান জোটের মধ্যে মতানৈক্য চলছে। এ নিয়ে আলোচনাও চলছে। বিরোধের সমাধান হলে আশা করা যায় সব দলই নির্বাচনে অংশ নেবে।’নির্বাচনে ভোট গ্রহণের হার কম কেন—এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোট গ্রহণের হার কম কেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হয়েছে। এ ছাড়া নির্বাচনে আরও একটি দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তারা অংশগ্রহণ করেনি। যদিও নির্বাচনে অংশ নেওয়াটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। তবুও আশা করা যায় ৪০ শতাংশের কম-বেশি ভোট গ্রহণ হতে পারে।’ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সিইসি বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনো গোলযোগ হয়নি। ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ কাউকে বাধা দেয়নি। স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমেদ খান দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। সে জন্য তিনি নির্বাচন বর্জন করেছেন। এ বিষয়ে কাজী রকিব বলেন, ‘তাঁর অভিযোগ সম্পর্কে তাঁকেই আপনারা প্রশ্ন করেন। তিনিই এর উত্তর ভালো দিতে পারবেন। কমিশনের পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার ছিল, সবই করা হয়েছে। তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে ছিল গণমাধ্যমকর্মী এবং নির্বাচন পর্যবেক্ষক। কমিশনের নিজস্ব পর্যবেক্ষকদের কাছ থেকেও ঘণ্টায় ঘণ্টায় প্রতিবেদন পাওয়া গেছে। তাঁদের প্রতিবেদন অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হয়েছে।’