নির্বাচনে সব রাজনৈতিক দল আসবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল আসবে এবং ফলাফল জাতির কাছে গ্রহণযোগ্য হবে।’ আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য-অধিবেশনে সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রশাসন প্রমাণ করেছে, সেনাবাহিনী ছাড়াও অবাধ নির্বাচন সম্ভব। এ পর্যন্ত অনুষ্ঠিত ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন হয়েছে সেনাবাহিনী ছাড়াই। আমরা আশা করি, আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে। সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের অবস্থান হলো, কেউ অন্যায় করলে উপযুক্ত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন নিজস্ব গতিতে চলবে। আইন যখন ব্যবস্থা নেবে, দলও অবশ্যই তখন ব্যবস্থা নেবে। দোষী ব্যক্তির রাজনীতিতে থাকা সমীচীন নয়।’