নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, আশাবাদী আশরাফ
রাজনীতিতে সংলাপ একটি চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নির্দলীয় সরকার ছাড়া কোনো আলোচনায় যাবে না—বিএনপির এমন ঘোষণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন। আজ রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত উপজেলা গভর্নেন্স প্রকল্প শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘রাজনীতিতে সংলাপ (ডায়লগ) একটি চলমান প্রক্রিয়া—এটি চলছেই, চলবে। এই আলোচনার মাধ্যমেই সবার কাছে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে। আলোচনার শুরুতে সাময়িকভাবে অনেকের কাছেই মনে হতে পারে যে সঠিকভাবে আলোচনা হচ্ছে না। এটা সাধারণ বিষয়ে আলোচনার শুরুতে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত আসে না, পরবর্তী সময়ে সবাই একই সিদ্ধান্তে উপনীত হয়।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আলোচনাই একমাত্র পথ, এখানে অন্য কোনো বিকল্প পথ নেই। আমরা এ ব্যাপারে খুবই আশাবাদী (হোপফুল), আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।’